হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাছিমা খাতুন (২১) নামের এক গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় অন্য রোগীর আত্মীয়স্বজনেরা এসে উদ্ধার করেন। পরে চিকিৎসকেরা থানায় খবর দিলে পুলিশ অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। গৃহবধূর বাবার বাড়ি জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।
চারজন প্রত্যক্ষদর্শী জানান, গত বুধবার রাত আটটার দিকে সাত-আটজন যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তারা নিজেদের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন নাছিমা খাতুনের আত্মীয় পরিচয়ে ওয়ার্ডে প্রবেশ করে। এ সময় তারা ওই ওয়ার্ডে চিকিৎসাধীন নাছিমা খাতুনকে টেনেহিঁচড়ে শয্যা থেকে নামিয়ে ফেলে। তারা দেশীয় অস্ত্রের মুখে তাঁকে ওয়ার্ডের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রোগী চিৎকার শুরু করেন।
এ সময় হাসপাতালের অন্য রোগী ও তাঁদের স্বজনেরা ছুটে এসে নাছিমাকে উদ্ধারের চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে বিষয়টি থানার ওসিকে জানান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা ওই নারীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ সময় নাজিম মোস্তফা (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি গৃহবধূর স্বামী বলে পুলিশ জানিয়েছে।
নাছিমা খাতুন নিজেকে নাটোর এনএস (নবাব সিরাজউদদৌলা) কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে জানান, তিন বছর আগে বাগমারা উপজেলার জামগ্রামের বাসিন্দা নাজিম মোস্তফার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও পরিবারের লোকজন প্রায়ই যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করতেন। একই দাবিতে ঈদের আগের দিন গত সোমবার তাঁকে শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন এই আশঙ্কায় চিকিৎসা শেষ করতে না দিয়েই স্বামী ভাড়াটে লোকজন নিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ সাহা বলেন, ঘটনাটি বুঝতে পেরে মুঠোফোনে বিষয়টি থানার ওসিকে জানানো হয়। এরপর পুলিশ এসে তাঁকে অপহরণের হাত থেকে রক্ষা করে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর স্বামী নাজিম মোস্তফাকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। এসব বিষয়ে নাজিম মোস্তফা পক্ষের লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।