হাসপাতালে জনবল ৩১ শয্যার, কাজ ৫০ শয্যার
সাত মাসেও পাবনার ঈশ্বরদীর ৫০ শয্যার হাসপাতালের জনবলের অনুমোদন মেলেনি। ৩১ শয্যার জনবল দিয়ে হাসপাতাল চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ১৫ সেপ্টেম্বর ঈশ্বরদীর ৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শামসুর রহমান শরীফ। তখন হাসপাতালের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হলেও জনবল ও খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি। এ কারণে ৩১ জন রোগীর খাবার ভাগ করে ৫০ জন রোগীকে দেওয়া হচ্ছে। সূত্র জানায়, ৫০ শয্যার এ হাসপাতালে পদের সংখ্যা ১৬৩টি। এর মধ্যে শূন্য ২৭টি। হাসপাতালে কনসালটেন্ট (বিশেষজ্ঞ ডাক্তার) ও চিকিৎসা কর্মকর্তার মোট পদ ২৭টি। এর মধ্যে মেডিসিন, সার্জারি, গাইনি, হূদেরাগ, চক্ষু, শিশু, নাক-কান-গলা, হাড়জোড় বিশেষজ্ঞসহ ১১টি পদ শূন্য। সেবিকার ১৪টি পদের মধ্যে আছেন নয়জন। সুইপার পদে চারজন লোক থাকার কথা থাকলেও আছেন একজন।সূত্র জানায়, হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৭০০ জন রোগী আসে। আন্তবিভাগের ৫০ শয্যাও পরিপূর্ণ থাকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিন আহমেদ খান জানান, হাসপাতালের কাজের পরিমাণ বাড়লেও প্রয়োজনীয় জনবল না থাকায় কাজের মান ধরে রাখা যাচ্ছে না। জনবল নিয়োগের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।