হাসপাতালে ঝাড়ফুঁক!
রাত তখন পৌনে ১০টা। রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন। রোগী ভর্তি ওয়ার্ডের দরজার পাশে পা ছড়িয়ে বসা এক কিশোর। বয়স বড়জোর ১৫ থেকে ১৬ বছর। তার পায়ের গোড়ালির ওপরে রশি দিয়ে শক্ত করে বাঁধা। পাশে পড়ে আছে ছুরি। তরুণের পা ধরে এক নারী ঝাড়ফুঁক করছেন। আর নানা কুরুচিপূর্ণ কথার সঙ্গে মিশিয়ে জোরে জোরে বলছেন, ‘যারে বিষ যা, আকাশে উড়ে যা...’।
দৃশ্যটি গত মঙ্গলবার রাতে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের। পরে জানা গেল, ওই কিশোরকে সাপে কেটেছে। তার নাম আজম আলী। সে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকসুদপুর খিয়ারডাঙ্গা গ্রামের আবদুল গফ্ফারের ছেলে। ওই দিন রাত নয়টার দিকে তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ঘণ্টা খানেক সময় পার হলেও চিকিৎসা না পেয়ে স্বজনেরা এক ওঝা ডাকেন। এরপর ওই নারী ওঝা কথিত তন্ত্রমন্ত্র ও মালিশ দিয়ে হাসপাতালের ভেতরেই কিশোরটিকে চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় মাত্র ১০ হাত দূরে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) তৌফিক আহমেদকে তাঁর কক্ষে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত থাকতে দেখা যায়।
সাপে কাটা ওই কিশোরের হাসপাতালেই ওঝা দিয়ে চিকিৎসা চলার চিত্র ক্যামেরায় ধারণ করার পর আরএমওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত মুঠোফোন রেখে কক্ষ থেকে বেরিয়ে এসে সবাইকে গালাগাল করেন এবং ওঝাকে তাড়িয়ে দেন। পরে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এসবই সাংবাদিকদের সৃষ্টি। হাসপাতাল ও চিকিৎসকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারাই এটা করেছে।’
ওই নারী ওঝার নাম মালেকা বেগম। বাড়ি দক্ষিণ বাওচণ্ডী খিয়ারপাড়া গ্রামে। তিনি বলেন, ‘আমি সাপে কাটা রোগীর চিকিৎসা করি। আমার হাতে অনেক রোগী ভালো হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪৫ মিনিট ধরে হাসপাতালে ওই সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করি। তখন কেউ আমাকে নিষেধ করেনি। চিকিৎসা দেওয়ার সময় হাসপাতালের নার্সেরাও সেখানে দাঁড়িয়ে ছিলেন।’
সাপে কাটা রোগী আজমের ভগ্নিপতি আখেরুল ইসলাম বলেন, ‘আজমকে রাতে বাড়ির আঙিনায় সাপে কাটে। এরপর দ্রুত হাসপাতালে আনলে ডাক্তার দেখে ভর্তি করে নেন। কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় সেখানে রোগীর অবস্থা খারাপের দিকে গেলে বাধ্য হয়ে ওই নারী ওঝাকে ডেকে আনি।’
হাসপাতালে পরে খোঁজ নিয়ে জানা গেছে, আরএমও তৌফিক আহমেদ সাপে কাটা ওই রোগীকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর কোনো চিকিৎসা নেই। আরএমওর উচিত ছিল রোগীকে আরও আগেই উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। কিন্তু তিনি তা না করে কেন এ ধরনের রোগী হাসপাতালে ভর্তি করে রেখে সময়ক্ষেপণ করছিলেন, সেটা বোধগম্য হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম মঙ্গলবার মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনাটি কিছুটা শুনেছি। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তন্ত্রমন্ত্র দিয়ে ওই রোগীকে কীভাবে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দেওয়া হলো, সেটা খুঁজে দেখা হবে।’