হাসপাতালে ঢুকতেই ভাগাড়
সড়ক বিভাগের আপত্তি সত্ত্বেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশমুখে ভাগাড় বানাচ্ছে ফরিদপুর পৌরসভা। সড়ক বিভাগের ওই জায়গায় ভাগাড় নির্মাণে পৌরসভা কোনো অনুমতিও নেয়নি। তবে পৌরসভার দাবি, সড়ক বিভাগের জায়গা হলেও এটি সরকারি সম্পত্তি। ব্যবহার করবে জনগণ।পৌরসভা সূত্রে জানা গেছে, দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার নয়টি ওয়ার্ডে এ জাতীয় নয়টি ভাগাড় নির্মাণ করা হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের উত্তর পাশে দুই চেম্বারবিশিষ্ট ২৫ ফুট দৈর্ঘ্য ও ২৩ ফুট প্রস্থের একটি ভাগাড় নির্মাণের কাজ চলছে। কাজের সাব-ঠিকাদার মো. সেলিম মল্লিক জানান, গত ২৬ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বাধা দেওয়ায় গত রোববার থেকে কাজ বন্ধ রয়েছে।ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় প্রথম আলোকে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালের দেয়াল পর্যন্ত জায়গা সড়ক বিভাগের। অথচ এ বিভাগের অনুমতি না নিয়ে পৌরসভা ভাগাড় নির্মাণের কাজ শুরু করে। কাজ বন্ধের জন্য পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। ৯ অক্টোবর উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।সড়ক বিভাগকে লিখিতভাবে জানিয়ে কাজ শুরু করার দাবি করে ফরিদপুর পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বিভাগের জায়গা হলেও এটি সরকারি সম্পত্তি। ব্যবহার করবে জনগণ। সরকার তো জনগণের জন্য। সড়ক বিভাগের জায়গায় যে পদ্ধতিতে জেলা পরিষদ যাত্রীছাউনি করে, তেমনি আমরাও ডাস্টবিন করছি, এতে ওনার সমস্যা কোথায়?’ তিনি আরও বলেন, গত সোমবার কাউন্সিলরদের নিয়ে জেলা প্রশাসককে সব জানানো হয়েছে। এ ব্যাপারে সমন্বয় সভা ডাকা হবে। এতে সমাধান না হলে জনগণ নিয়ে আন্দোলনে নামবেন বলে তিনি জানান।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, সড়ক বিভাগের জায়গার পৌরসভার ভাগাড় নির্মাণের ব্যাপারে পৌরসভা ও সড়ক বিভাগ উভয়ই অনড় অবস্থায় রয়েছে। দুই পক্ষই তাঁর কাছে নালিশ করেছে।