হাসপাতালে ঢোকার মুখেই বর্জ্যের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশপথের উত্তর দিকে স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীদের আত্মীয়স্বজন দুর্গন্ধযুক্ত ওই আবর্জনার স্তূপ নাকে রুমাল চেপে পার হন।ঢাকা-বরিশাল মহাসড়কের বাঁ দিকে ফরিদপুর পৌর এলাকার পশ্চিম খাবাসপুর মহল্লায় ২৫০ শয্যার এই হাসপাতালটি অবস্থিত। এর প্রধান ফটকের বাঁ পাশের খোলা জায়গায় হাসপাতালের যাবতীয় বর্জ্য ফেলা হয়। আশপাশের হোটেল-রেস্তোরাঁর ময়লা-আবর্জনাও এনে ফেলা হয় এখানে। সেখানে কয়েকটি কুকুর, গরু এবং বেশকিছু কাককে ওই আবর্জনা ঘেঁটে আশপাশে ছড়াতে-ছিটাতে দেখা গেল। দু-একজন ছিন্নমূল শিশুকেও সেখানে পরিত্যক্ত বোতল, সিরিঞ্জসহ প্লাস্টিকের দ্রব্য খুঁজতে দেখা যায়।হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা শংকর রায় জানান, যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নিতে আসে, সেখানে ঢোকার পথেই এমন অস্বাস্থ্যকর পরিবেশ ভাবাই যায় না!ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবুল হাসেম মো. জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে প্রতিদিন যে বর্জ্য জমা হয়, তা আমরা ওই জায়গাতেই স্তূপ করে রাখি। সেখান থেকে পৌরসভার ময়লা ফেলার গাড়িতে করে তা সরিয়ে নেওয়ার কথা। কিন্তু নিয়মিত এ ময়লা পৌরসভা অপসারণ না করায় আবর্জনার স্তূপ তৈরি হচ্ছে, পচে গন্ধ ছড়াচ্ছে।’ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা বিএমএর সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্যগুলো ধ্বংস করে ফেলার জন্য কোনো আধুনিক পদ্ধতি নেই। যত দিন না হাসপাতালের বর্জ্য-ব্যবস্থাপনার জন্য ‘ইনসিনেটর’ (একটি বদ্ধ ঘরের মতো, ওপরে চিমনি থাকবে, যার ভেতর বর্জ্য ধ্বংস করে ফেলা হবে) পদ্ধতি চালু করা হচ্ছে, তত দিন পৌরসভাকেই বর্জ্য অপসারণের ব্যাপারে ভূমিকা রাখতে হবে।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘আমরা নিয়মিতই ময়লা অপসারণ করতে চাই। কিন্তু ময়লা অপসারণের জন্য পর্যাপ্ত গাড়ি না থাকায় আমাদের সমস্যা হচ্ছে।’ তিনি বলেন, ফরিদপুরের নয়টি ওয়ার্ডে ‘দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্প’র আওতায় নয়টি উন্নতমানের ডাস্টবিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ডাস্টবিন নির্মাণে পাঁচ লাখ টাকা খরচ হবে। এর একটির নির্মাণকাজ ওই হাসপাতালসংলগ্ন জায়গায় শুরু হয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। ডাস্টবিনগুলো বদ্ধ ঘরের আকৃতির আধুনিক মানের হবে।