ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসাইনের কক্ষে তালা লাগানোর প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। এ কারণে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা জরুরি বৈঠক করেছে। বৈঠকে সংগঠনটির নেতারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
জানা গেছে, উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া ১৪ জন ব্যক্তি কয়েক দিন ধরে কাজ করছেন এমন খবর পেয়ে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা গত রোববার স্বাস্থ্য কর্মকর্তাকে বের করে দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। গতকালও ওই কক্ষে তালা ঝুলছিল। এর প্রতিবাদে সেখানে কর্মরত চিকিৎসকেরা ওই দিন থেকেই চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন।
উপজেলার সাহাপাড়া এলাকার ঝুলনী রানী পোদ্দার জানান, তাঁর ৭৫ বছর বয়সী স্বামীকে নিয়ে তিনি গতকাল চিকিৎসক দেখাতে হাসপাতালে এসেছিলেন। কিন্তু চিকিৎসক না পেয়ে তাঁকে ফিরে যেতে হয়েছে। তালতলা গ্রামের আবদুর রহিম বলেন, সব চিকিৎসকের কক্ষে তালা, কেউ রোগী দেখছেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা জেলায় মাসিক সভায় গেছেন। চিকিৎসকেরা তাঁদের কক্ষ বন্ধ করে কর্মবিরতিতে রয়েছেন। তবে জরুরি বিভাগ খোলা আছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন শওকত হোসেন মুঠোফোনে বলেন, স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে রাখার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সেবা দেওয়ার জন্য বলা হয়েছে।
স্থানীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’