হাসপাতালে তিন হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন হাজতি গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁরা হলেন আলমগীর (৩০), হারুন অর রশিদ (৪৫) ও হাফিজুল ইসলাম (৬০)।

কারাগার সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাজতি আলমগীর ও হাফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। গতকাল বুধবার রাত দেড়টার দিকে তাঁরা মারা যান। আলমগীরের বাড়ি চুয়াডাঙ্গা দামুড়হুদায়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া হাজতি হারুন অর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি গাজীপুর কাপাসিয়া এলাকায়। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। আলমগীর ও হাফিজুল অস্ত্র মামলার আসামি ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলা কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে আলমগীর ও হাফিজুলকে খুলনার কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আরেক হাজতি হারুন হৃদ্‌রোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।