হাসপাতালে দগ্ধ শিশুর মৃত্যু, থানায় হত্যা মামলা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় সাভারের আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারিকুর রহমান এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এসআই তারিকুর গত বৃহস্পতিবার থানা এলাকায় কর্মরত অবস্থায় জানতে পারেন আগুনে পোড়া একজন রোগী গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানার পর তিনি ওই হাসপাতালে গিয়ে তিনতলার একটি বিছানায় ১৩-১৪ বছরের এক শিশুকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। তার শরীরের ৫০ শতাংশের মতো আগুনে পোড়া ছিল। সে কথা বলতে পারছিল না। এ সময় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন তাঁকে জানান, রোগীর নাম জাকির হোসেন। বাবার নাম মো. ইদ্রিস। ঠিকানা অজ্ঞাত। নয়া পাগলা নামে এক লোক ১৩ জানুয়ারি রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে যান। ওই দিন রাত সাড়ে সাতটার দিকে নবীনগর পেট্রলপাম্পের কাছে আগুনে পোড়া অবস্থায় তাকে পাওয়া যায় বলে ওই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত আড়াইটার দিকে শিশুটি মারা যায়।
শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরও কেন হত্যা মামলা করা হলো, এর জবাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে, কোনো দুর্বৃত্ত খুনের উদ্দেশ্যে শিশুটিকে দগ্ধ করে ফেলে গেছে। কারণ ১৩ জানুয়ারি নবীনগর বা আশপাশের এলাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আর শিশুটি ওই এলাকা (নবীনগর) থেকে উদ্ধার হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে হত্যা মামলা হয়েছে। থানার এসআই জাকারিয়া হোসেনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এসআই জাকারিয়া জানান, গত দুই দিনে নয়া পাগলা নামে কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। শিশুটির প্রকৃত পরিচয়সহ তার দগ্ধ হওয়ার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।