হাসপাতালে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে সরকার নীতিমালা তৈরি করবে।
গতকাল রোববার এ-সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, হাসপাতালগুলোতে পুলিশ ও আনসারের সংখ্যা বাড়ানো হবে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় ৩০টি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিচালক ও তত্ত্বাবধায়ক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত একটি সূত্র জানায়, সভায় হাসপাতালে পুলিশ-আনসার বৃদ্ধি, আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপন, দর্শনার্থী নিয়ন্ত্রণের বিষয় গুরুত্ব পায়। মেডিকেল কলেজে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর আচরণে কোনো সন্দেহ সৃষ্টি হলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো কিছু চেপে না গিয়ে সন্দেহজনক বিষয় কর্তৃপক্ষের নজরে আনলে সবারই মঙ্গল হবে।
সভা শেষে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালেও নিরাপত্তা জোরদার করা হবে। তবে প্রাথমিকভাবে
যেসব হাসপাতালে রোগীর ভিড় বা চাপ বেশি, সেখানে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।