হাসপাতালে নেওয়া হয়েছিল মান্নাকে
কারাগারে আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছিল। সকালে তাঁকে ওই হাসপাতালে নিয়ে দুপুরে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্নাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।
তবে নাগরিক ঐক্যের সদস্য মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, মান্না অসুস্থ। তাঁর জ্বর হয়েছে।
এদিকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, মান্নার গুরুতর অসুস্থতার খবরে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি জ্বরে ভুগছেন বলে জানা গেছে। সকালে তাঁকে চিকিৎসার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলেও শারীরিক অবস্থার কারণে থেরাপি না দিয়েই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। বিবৃতিতে মান্নাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।