হাসপাতালে পানি নেই চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ। এতে রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীর সঙ্গে থাকা লোকজনকে বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। পানি সরবরাহ বন্ধ থাকায় জরুরি রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চার দিন পার হলেও পানির পাম্প মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী মনোয়ারা বেগম বলেন, ‘হাসপাতালে পানি না থাকায় প্রস্রাব-পায়খানার গন্ধে থাকা যাচ্ছে না।’ রোগী জয়নাল আবেদীনের স্ত্রী শিরিন শিলা বলেন, ‘পানি না থাকায় চরম কষ্টে আছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফজলুল হক বলেন, পানির পাম্প বিকল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।