হাসপাতালে পানি-বিদ্যুতের তীব্র সংকট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ শয্যার বরিশাল সদর হাসপাতালে বিদ্যুতের সমস্যার সমাধান হয়নি। সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা না থাকায় বন্ধ রাখা হয়েছে অস্ত্রোপচারকক্ষ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে পানি-সংকট। দুই সপ্তাহ ধরে হাসপাতালের একমাত্র গভীর নলকূপটি বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০ মে রাতে হাসপাতালের গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের সময় সেটি বিকল হয়ে যায়। ১১ মে বিষয়টি স্বাস্থ্য বিভাগের মাধ্যমে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়। কিন্তু স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। পরে গণপূর্ত বিভাগকে অনুরোধ জানানোর পর তারা ১৪ মে থেকে কাজ শুরু করে। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত তারা এটি সচল করতে পারেনি। প্রতিদিন ফায়ার সার্ভিস থেকে এক গাড়ি এবং বরিশাল সিটি করপোরেশন থেকে দুই গাড়ি পানি কিনে চাহিদা পূরণের চেষ্টা চলছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা মাত্র তিন ভাগের এক ভাগ।ডায়রিয়া ওয়ার্ডের রোগী জেসমিন বেগম বলেন, ‘কয় দিন ধইর‌্যা পানি নাই, ময়লা কাপড় ধুইতেও পারি না।’ চানপুরা এলাকার লাইজু বেগম জানান, ডায়রিয়া ওয়ার্ড এমন দুর্গন্ধ যে এখানে থাকা অসম্ভব হয়ে পড়েছে। হাপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, প্রায় দুই সপ্তাহ ধরে পানি না থাকায় অনেক রোগী চলে গেছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ কে এম শামছুদ্দিন আহমেঞ্চদ জানান, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে বিদ্যুতের সার্বক্ষণিক ব্যবস্থা না থাকায় কক্ষটি বন্ধ রাখা হয়েছে। তার ওপর ১০ মে থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতালের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি অভিযোগ করেন, নলকূপ অচল হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করা হলেও তারা কোনো সহযোগিতা করেনি। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করার পর তারা কাজ শুরু করলেও আজ পর্যন্ত বিষয়টির সুরাহা হয়নি।এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার জানান, লোকবল না পাওয়ায় নলকূপটির সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়নি।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘কাজটি আমাদের নয়, তার পরও অনুরোধ করায় এবং মানবিক কারণে আমরা নলকূপটির সংস্কারকাজ শুরু করেছি। নলকূপটির পাইপ পরিষ্কারের কাজ চলছে। পাইপ পরিষ্কারের পর বোঝা যাবে, ওই নলকূপ দিয়ে আদৌ কাজ হবে কি না।’