হাসপাতালে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি গভীর নলকূপের মধ্যে একটি প্রায় এক বছর ধরে নষ্ট। আরেকটি গতকাল বুধবার প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে হাসপাতালের জরুরি বিভাগের কয়েকটি ওয়ার্ড ও বার্ন ইউনিটে কয়েক ঘণ্টা পানি ছিল না। এতে দুর্ভোগ পোহাতে হয় সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। তাঁরা মিছিল করে পানির দাবি জানানোর পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক খাজা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি মোটর বন্ধ থাকায় পানির সাময়িক সংকট হয়েছিল। সন্ধ্যার পরই সংকট কেটেছে। এক বছর থেকে নষ্ট নলকূপটিও শিগগিরই চালু করা হবে বলে তিনি জানান।
গতকাল সন্ধ্যায় জরুরি বিভাগ ও বার্ন ইউনিট থেকে অনেককেই পানির জন্য খালি বোতল হাতে হাসপাতালের নতুন ভবনের (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২) দিকে যেতে দেখা গেছে। তাঁদের একজন মোরশেদুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পানি নাই। নতুন ভবনের সামনে ফিল্টারের পানি বেচে। তাই পানি কিনতে যাই।’ তাঁর সঙ্গে নতুন ভবনের সামনে গিয়ে বোতল হাতে পানি নিতে আসা ব্যক্তিদের দীর্ঘ সারি দেখা যায়। তাঁরা ‘এম্পায়ার স্প্রিং’ নামে বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা পানি কিনছিলেন। নতুন ভবনটি চালুর পর থেকেই প্রতিষ্ঠানটি বিশুদ্ধ পানি সরবরাহ করছে। প্রতি লিটার পানির দাম নেওয়া হয় আড়াই টাকা।
এখান থেকে বোতলে ভরে পানি নিয়ে যাওয়ার সময় ফাতেমা বেগম নামের একজন বলেন, গতকাল সকালেও তিনি হাসপাতালের গভীর নলকূপের পানি সংগ্রহ করেছেন। কিন্তু বিকেলে এসে আর পানি পাননি। তাই সন্ধ্যায় পানি কিনতে নতুন ভবনের সামনে এসেছেন। তিনি প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর পানি পেয়েছেন। ফাতেমার মতো পানি নিতে আসা আরও অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত পানির সংকট ছিল জরুরি বিভাগের ১০১ থেকে ১০৩, ২০৪ ও ৩০৩ নম্বর ওয়ার্ড ও বার্ন ইউনিটে। এসব ওয়ার্ডে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল। পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়া রোগীর স্বজনেরা সন্ধ্যায় জরুরি বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করেন। জরুরি বিভাগের চত্বর ঘুরে জরুরি বিভাগের সামনেই মিছিল শেষ হয়।
তবে পানি না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বার্ন ইউনিটের রোগীরা। পানি না থাকায় ড্রেসিং ও পরিচ্ছন্নতার কাজ সাধারণ স্যালাইন দিয়ে সারতে হয়েছে। শৌচাগার ব্যবহারে চিকিৎসাধীন রোগীদের ভোগান্তি ছিল আরও বেশি।
পানির সংকট সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ব্যক্তি জানান, হাসপাতালটিতে পানি সরবরাহ করা হয় তিনটি গভীর নলকূপের মাধ্যমে। নলকূপগুলো একটি জরুরি বিভাগের পাশে, একটি সার্জারি বিভাগের পাশে ও সবচেয়ে বড় নলকূপটি নতুন ভবনের পাশে অবস্থিত। জরুরি বিভাগের পাশের নলকূপটি প্রায় এক বছর থেকে নষ্ট। এ কারণে দীর্ঘদিন থেকে বার্ন ইউনিটে পানি সরবরাহে প্রায়ই সমস্যা হয়। নতুন ভবনের পাশের নলকূপটির মোটর গতকাল বেলা ১১টার দিকে বন্ধ হয়ে যায়। চালু হয় সন্ধ্যা সাতটার দিকে। মোটর বন্ধ হওয়ার কারণ সম্পর্কে হাসপাতাল-২-এর ইলেকট্রিশিয়ান শামীম আহমদ বলেন, এই নলকূপের মোটর ৫২ অশ্বশক্তির। এর মাধ্যমে এক হাজার ফুট গভীর থেকে পানি তোলা হয়। মোটরটি চালানোর জন্য ন্যূনতম ৩৬৫ ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বেলা ১১টার দিকে বিদ্যুৎ ৩৫০ ভোল্টে নেমে আসে এবং মোটর বন্ধ হয়ে যায়। সাড়ে ১১টার দিকে মোটর চালু করতে গেলে সুইচ নষ্ট হয়ে যায়।