হাসপাতালে পান-জর্দাবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা হাসপাতালে গতকাল বৃহস্পতিবার থেকে পান-জর্দাবিরোধী অভিযান শুরু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে রোগীদের সঙ্গে থাকা শতাধিক আত্মীয়স্বজনের কাছ থেকে বিপুল পরিমাণ পানপাতা, সুপারি, জর্দা, খয়ের, চুনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন হাসপাতালের নারীবান্ধব কর্মসূচির পর্যবেক্ষক হাসনারা পারভীন, ওয়ার্ড মাস্টার হাদিসুর রহমান, এমএলএসএস আব্দুল হান্নান ও নাহিদ। পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রফিকুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা সামগ্রী নষ্ট করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে গড়ে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকেন। এসব রোগীর সঙ্গে আরও প্রায় ৩০০ আত্মীয়স্বজন হাসপাতালে অবস্থান করেন। তাঁদের অধিকাংশই গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। তাঁদের স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা খুবই কম। এ কারণে রোগীর বিছানায় বসে তাঁরা (আত্মীয়স্বজন) হরহামেশাই পান চিবান এবং যেখানে-সেখানে পিক ফেলেন।
গোলাম মোস্তফা বলেন, পান-জর্দা খেলে মুখ গহ্বরে ক্যানসার হতে পারে। অভিযান চলাকালে এ-বিষয়ক সতর্কবাণীসহ হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রোগীর আত্মীয়স্বজনকে সতর্ক করা হয়। পরিচ্ছন্ন পরিবেশের স্বার্থে হাসপাতালে এ অভিযান অব্যাহত থাকবে।