হাসপাতালে প্রবেশ ও শৌচাগার ব্যবহারে ফি
রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে দর্শনার্থী প্রবেশ ও শৌচাগার ব্যবহারে ফি নির্ধারণের কথা ভাবছে সরকার। গতকাল শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে রোগী ও তার জন্য নির্ধারিত পাসধারী দুজন দর্শনার্থী ছাড়া অন্যদের বেলায় ফি নির্ধারণ করা যায় কি না তা ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, এতে করে দর্শনার্থীদের অহেতুক ভিড় হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফি নির্ধারণে শিগগিরই সভা ডাকা হবে।
বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ রাজধানীর সরকারি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সারা দেশের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।