হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে চর্ম রোগে ভুগছেন। ৭ আগস্ট সকাল ১০টার দিকে তিনি আগ্রাবাদের চট্টগ্রাম কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে (আমেরিকান হাসপাতাল) যান। হাসপাতালে গিয়ে টিকিট নিতে গেলে কাউন্টার থেকে তাঁকে বলা হয়, এখন আর টিকিট দেওয়া হবে না। ব্যক্তিগতভাবে চিকিৎসককে দেখাতে চাইলে ৫০০ টাকা লাগবে। ইদ্রিস তাতে রাজি হন। ৫০০ টাকা দিয়ে তিনি হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট মো. আকতার হোসেন চৌধুরীকে দেখান।এভাবে হাসপাতালে বসে প্রতিদিন ওই হাসপাতালের কিছু চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করছেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য তাঁরা বেছে নেন দূর-দূরান্ত থেকে আসা অশিক্ষিত অসচেতন লোকজনকে। ব্যবস্থাপত্রে লেখা ওষুধ কেনার জন্য নিজেদের পছন্দের দোকানে যাওয়ার জন্যও রোগীদের নির্দেশ দেন তাঁরা।হাসপাতালের এসব অনিয়ম তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক দিদারুল আলমকে। গতকাল বুধবার তাঁরা হাসপাতালে গিয়ে তদন্ত করেন। এ সময় তাঁরা ভুক্তভোগী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইদ্রিস আলীর সাক্ষ্য নেন।কমিটির সদস্য সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘ডা. আকতার হাসপাতালে বসে রোগীদের ব্যবস্থাপত্র দেন। এসব ব্যবস্থাপত্র তাঁর নিজের ব্যক্তিগত চিকিৎসার। তিনি রোগীদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা ফি নিতেন বলে আমরা তদন্তে পেয়েছি। হাসপাতালের পিয়ন আবুল খায়েরকে দিয়ে তিনি এই কাজ করাতেন।’কমিটি সূত্র জানায়, রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, আকতার হোসেন ২০০৯ সালের ১৭ জুলাইয়ের পর ওই হাসপাতালে কোনো নিয়মিত রোগী দেখেননি। হাসপাতালের আরও দুই চিকিৎসক অনিয়ম করছেন।আকতার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু চিকিৎসক ষড়যন্ত্র করে এটা করাচ্ছেন। আমি ৭ আগস্ট ছুটিতে ছিলাম।’ একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে বিষোধগার শুরু করেন।তদন্ত কমিটির প্রধান উপপরিচালক দিদারুল আলম বলেন, ‘তাঁর ছুটির কোনো কাগজপত্র আমি এখনো পাইনি। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেছে। দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেব।’