হাসপাতালে পড়ে থাকা ব্যক্তিটি কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ দিন ধরে পড়ে আছেন অজ্ঞাত এই ব্যক্তি। ছবি: প্রথম আলো
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ দিন ধরে পড়ে আছেন অজ্ঞাত এই ব্যক্তি। ছবি: প্রথম আলো

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত পাঁচ দিন ধরে পড়ে আছেন অজ্ঞাত এক ব্যক্তি। কথা না বলার কারণে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশও তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো এ বিষয়ে কোনো কিনারা করতে পারেননি তাঁরা।

গত সোমবার আহত অবস্থায় এই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আরেক ব্যক্তি। এ সময় তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। ওই ব্যক্তি জানান, তাঁকে (অজ্ঞাত ব্যক্তি) আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন। পরে তিনি অজ্ঞাত ব্যক্তিকে রেখে চলে যান। সেই থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতেই রয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫৪ বছর।

গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় আহত ওই ব্যক্তিকে। নাক দিয়ে সামান্য পরিমাণ রক্ত বের হয়ে সেগুলো শুকিয়ে গেছে। ঘুমিয়ে আছেন তিনি। তাঁকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। হাসপাতালের রেজিস্ট্রারেও তাঁকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শামীম রেজা বলেন, তিনি কয়েক দফা লোকটির খোঁজ-খবর নিয়েছেন। ব্যক্তিটি মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। তিনি কোনো কথা বলছেন না। তাঁর পরিচয় উদ্ধারের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিও দিয়েছিলেন, তবে কোনো সাড়া মেলেনি। ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ‘খাব’ ছাড়া অন্য কোনো কথা বলছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্যক্তিটি দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। হাসপাতালে রেখেই চিকিৎসা চলছে। সুস্থ হলে লোকটিকে কোথায় পাঠাবেন এ নিয়ে তাঁরা চিন্তিত বলে জানিয়েছেন। বাগমারা থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুর রহমান বলেন, হাসপাতাল থেকে এ ধরনের খবর পাওয়ার পরই সেখানে গিয়ে আহত ব্যক্তির খোঁজ খবর নেওয়া হয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ওই ব্যক্তি কোনো কথা বলছেন না। এ কারণে তাঁর বিষয়ে জানা সম্ভব হয়নি। তাঁর সঙ্গে কোনো কাগজপত্রও নেই, যা দিয়ে পরিচয় উদ্ধার করা যাবে।