হাসপাতালে ফিরলেন তারেক সাঈদ
সাত খুন মামলার আসামি তারেক সাঈদ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েই আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিরেছেন। গত ৩ জানুয়ারি থেকে তিনি হাসপাতালেই থাকছেন। তাঁর কোমরে ব্যথা বলে হাসপাতালের নথিতে বলা আছে। তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন।
গতকাল সোমবার সকাল নয়টায় তারেক সাঈদ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। তিনি প্রিজন ভ্যান থেকে নেমে হেঁটে এজলাসে যান।
বিচারক যখন আসামিদের অভিযোগ পড়ে শোনান, তখন নীল রঙের ফুল হাতা শার্ট পরা তারেক সাঈদ স্বাভাবিকভাবেই কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি আদালতে ছিলেন। তিনি এর মধ্যে নিজের আইনজীবীর সঙ্গে কয়েকবার কথা বলেন। শুনানি শেষে তারেক সাঈদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেরেন।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, তারেক সাঈদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার অর্থোপেডিকস, নিউরোলজি, নিউরোসার্জারি ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসকদের নিয়ে ছয় সদস্যের একটি বোর্ড গঠন করেছে। ওই বোর্ডের সদস্য অর্থোপেডিকস বিভাগের প্রধান এস এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেছেন, তারেক সাঈদ ফিজিওথেরাপি নিচ্ছেন। শেষ হলে এবং নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে তিনি হয়তো হাসপাতাল ছাড়তে পারবেন।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানিয়েছিলেন, তারেক সাঈদের সমস্যাটা কী, তা জানতে এমআরআই পরীক্ষা দরকার। হাসপাতালের এমআরআই মেশিন নষ্ট হওয়ায় পরীক্ষা করা সম্ভব হয়নি।
তবে তারেক সাঈদ নিউরোসার্জারির যে ইউনিটে ভর্তি, তার প্রধান অসিত বরণ গতকাল বলেন, এমআরআই রিপোর্ট পাওয়া গেছে। তারেক সাঈদের কোনো অস্ত্রোপচার লাগবে না।