হাসপাতালে বসে ছবি আঁকল ক্যানসারে আক্রান্ত শিশুরা

বিশ্বে প্রতিবছর দুই লাখ শিশু ক্যানসারে আক্রান্ত হয়। সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আগেভাগে রোগনির্ণয় ক্যানসার থেকে হাজারো শিশুর জীবন বাঁচাতে পারে। শিশু ক্যানসার সচেতনতা বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার এক প্রচারাভিযানের আয়োজন করা হয়। ক্যানসারে আক্রান্ত শিশুরা চিত্রাঙ্কনের মাধ্যমে এতে অংশ নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউকে এইডের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার এ প্রচারাভিযানের আয়োজন করে।
বর্তমানে বাংলাদেশে ১৩ থেকে ১৫ লাখ ক্যানসার রোগী রয়েছে এবং প্রতিবছর দুই লাখ মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী কয়েক দশকে ক্যানসারে বাংলাদেশে মৃত্যুহার বাড়বে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) হিসাবমতে, ২০০৫ সাল বাংলাদেশে ক্যানসারে মৃত্যুহার ছিল ৭ দশমিক ৫ শতাংশ এবং ২০৩০ সাল নাগাদ এ হার বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে।
প্রচারাভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিশ্বে প্রতিবছর হাজার হাজার শিশু মারা যায় ক্যানসারে। এ রোগ মোকাবিলায় দরকার সবার মধ্যে সচেতনতা সৃষ্টি, যেসব উপায়ে এ মরণব্যাধি প্রতিরোধ করা যায়, সেগুলো মেনে চলা এবং সময়মতো রোগনির্ণয়।
উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, সচেতনতার অভাব, দুর্বল ও নিম্নমানের রোগনির্ণয় ব্যবস্থা, চিকিৎসক সংকট এবং শিশু ক্যানসার নিরাময় জটিল—এমন ভুল ধারণার কারণে এ রোগে আক্রান্তদের বেঁচে থাকার হার কম। প্রকৃতপক্ষে শিশু ক্যানসারের চিকিৎসা দরিদ্র দেশগুলোতেও সম্ভব। সাধারণ ও স্বল্পমূল্যের ওষুধে ৫০ থেকে ৬০ শতাংশ ক্যানসারে আক্রান্ত শিশুর জীবন বাঁচানো যায়।
প্রচারাভিযানে মেডিকেল কলেজের শিশু শল্য চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল হক কাজল, শিশু ক্যানসার বিভাগের প্রধান ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু এবং ওয়ার্ল্ড চাইল্ড ক্যানসার বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রিজওয়ানা হোসেন।