হাসপাতালে বসেই পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার পঙ্গু হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিচ্ছেন পুলিশের গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়ন বাছার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকার পঙ্গু হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিচ্ছেন পুলিশের গুলিতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়ন বাছার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

পুলিশের গুলিতে আহত নয়ন বাছারের মুখে তিন মাস পর হাসি দেখলেন মা শিখা রানী মজুমদার। ছেলের এ হাসিতে তাঁর চোখেও আনন্দের জল।
মা-ছেলের এমন হাসিমুখের কারণ—গত রোববার জামিন পেয়েছেন নয়ন। জামিনের খবর জানিয়ে কাঁদতে কাঁদতে শিখা রানী বললেন, ‘জানেন, গত তিন মাস আমি ছেলের মুখে হাসি দেখি নাই। জামিনের খবর পাইয়া সে হাসছে। এটা আমার জন্য কত বড় প্রাপ্তি, তা বোঝাতে পারব না।’ তিনি বলেন, ‘এখন আমি ছেলের সুচিকিৎসা চাই। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি কারও বিচার চাই না। আমি ভগবানের সর্বোচ্চ আদালতেই বিচার দিয়েছি। আমি শুধু ছেলের পা চাই।’
নয়ন বাছার (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গত ৪ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকা এলাকায় একটি বাসে আগুনের ঘটনার পর কোতোয়ালি থানার পুলিশ নয়নের বাঁ পায়ের হাঁটুর ওপর দুটি গুলি করে। অভিযোগ রয়েছে, নয়ন বাছারকে নয়ন বাশার মনে করে পুলিশ শিবির কর্মী সন্দেহে গুলি করে। কিন্তু পরে পুলিশ দাবি করে, নয়ন বিএনপির কর্মী।
এ ঘটনার পর নয়নের বিরুদ্ধে সূত্রাপুর থানায় গাড়ি পোড়ানোর মামলাও করে পুলিশ। তখন থেকে তিনি পুলিশি পাহারায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। গত রোববার এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দিনই তাঁর জামিন আবেদন করা হয়। শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্ল্যা জামিনে তাঁর মুক্তির আদেশ দেন।
গতকাল সোমবার দুপুরে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডে বসে দুই পা ছড়িয়ে খাতায় লিখছিলেন নয়ন। কাঁথার ওপর ব্যান্ডেজে মোড়া বাঁ পা আর দুই বালিশের ওপর খাতা। জানা গেল, নয়নের ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলছে। তাঁর পরীক্ষা নিতে এসেছেন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাফিজুল ইসলাম এবং প্রভাষক শাহীনুর রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় পরীক্ষা।
সহকারী প্রক্টর হাফিজুর প্রথম আলোকে বললেন, ‘নয়ন অনুগত ছাত্র। তাকে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখিনি। তাই স্বভাবতই ঘটনা শুনে আমরা দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তবে সুচিকিৎসার জন্য বিভাগের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা করা হয়েছে। তবে এমন পরিস্থিতিতে লেখাপড়া চালানো কঠিন।’
নয়নের স্বজনেরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নয়নের চিকিৎসাসহ অন্যান্য খরচের জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন। ইতালিপ্রবাসী একজন পাঠিয়েছেন ৫০ হাজার টাকা। এমনকি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও দিয়েছেন পাঁচ হাজার টাকা।
হাসপাতালে নয়নের আশপাশে ছিল পুলিশি পাহারা। এক পুলিশ সদস্য বললেন, থানায় জামিনের কাগজ যাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলেই পুলিশ সরিয়ে নেওয়া হবে। বিকেলে যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো জামিনের কাগজপত্র পাইনি।’
বেলা পৌনে তিনটার দিকে শিক্ষকদের কাছে পরীক্ষার খাতা জমা দেন নয়ন বাছার। ওই দিনের ঘটনার ব্যাপারে জানতে চাইলে নয়ন বলেন, ‘আমি বাসে টিউশনিতে যাচ্ছিলাম। বাসে আগুন লাগলে অন্য যাত্রীদের সঙ্গে আমিও নেমে দৌড় দেই। তখন পুলিশ আমাকে ধরে বলে, “তুই শিবির করস, তুই আগুন দিছস।” আমি বলি, আমি হিন্দু সম্প্রদায়ের লোক নয়ন বাছার। তখন পুলিশ বলে, “নয়ন বাশার কোনো হিন্দুর নাম হইল?” এ বলে পুলিশ আমার চোখ বাঁধে। এরপর গাড়িতে তুলে কিছু দূর নিয়ে গিয়ে মাটিতে শোয়ায়। একজন আমার হাত ও জামাকাপড় শুঁকে বলল, “না স্যার, কোনো পেট্রলের গন্ধ নাই।” একজন বলল, “গুলি কর।” আরেকজন বলল,
“চায়না, না শটগান?” বলা হলো, “শটগান, শটগান।” এরপর আমার দুই পায়ে গুলি করা হয়।’
নয়ন বলেন, ‘পায়ে গুলি খাওয়ার পর আমার জ্ঞান আসে আর যায়। আমাকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও এক পুলিশ কর্মকর্তা আমাকে আবারও গুলি করার হুমকি দিয়ে বলে, “তুই জামায়াত শিবির করস, এটা স্বীকার কর। সঙ্গে একজন ছিল, এটাও বলবি।” তখন আমি প্রাণের ভয়ে আন্দাজে একজনের নাম বলে দেই।’ নয়ন বলেন, ‘এখন এসব বলে আর লাভ নাই। জামিন হয়েছে শুনেছি। এখন আমি পা-টাকে সুস্থ দেখতে চাই।’
পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন করলে নয়ন হেসে বলেন, ‘মোটামুটি।’ কী বিষয়ে পরীক্ষা ছিল—জানতে চাইলে ব্যান্ডেজে মোড়া বাঁ পায়ের দিকে তাকিয়ে হেসে বললেন, ‘যুদ্ধ, সন্ত্রাসবাদ ও নৈতিকতা।’