
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ বাউলশিল্পী করিম শাহ ১৬ দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। করিম শাহ (৯০) একমাত্র জীবিত প্রবীণ বাউলশিল্পী। তিনি ২০১১ সালে বাউলশিল্পী হিসেবে (শিল্পকলা) একুশে পদক পেয়েছিলেন।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে করিম শাহের সঙ্গে কথা হয়। ২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বিছানায় চিকিৎসাধীন করিম শাহ বলেন, ‘অবস্থা খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, ডানদিকে যন্ত্রণা। হাসপাতালে পড়ি আছি, চিকিৎসা করাতি পারছিনে। আমার জন্যি কিছু করেন।’ করিম শাহের শয্যাপাশে ছিলেন তাঁর ভাগনে শফি শাহ। তিনি বলেন, ‘বয়স অনেক হওয়ায় এখন আর মামা গাইতে পারেন না।’ করিম শাহ আমেরিকা, ফ্রান্স, লন্ডন, ভারতসহ অনেক দেশে গান করেছেন। আজ এই শিল্পী হাসপাতালে কাতরাচ্ছেন। গত ১৯ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার বাড়িতে স্ত্রী রিজিয়া খাতুনকে নিয়ে তাঁর সংসার। দুই মেয়েই বিবাহিত।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, করিম শাহ-ই একমাত্র জীবিত প্রবীণ বাউলশিল্পী। তাঁকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি এখন অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসা খুবই জরুরি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সালেক মাসুদ মিয়া বলেন, ‘করিম শাহের ফুসফুসে সমস্যা রয়েছে। তাঁকে ওষুধসহ নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হলে ভালো হতো।’