হাসপাতালে বাবাকে দেখতে গিয়ে প্রহরীর মারধরে আহত ছেলে
কান্না করতে করতে হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছিলেন যুবকটি। মাথা ছাপিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। রক্তমাখা শরীর নিয়ে দোতলায় হাসপাতাল কর্মকর্তার কক্ষে ঢুকতেই অবাক উপপরিচালক মঈন উদ্দিন আহমদ। দ্রুত তাঁকে পাঠিয়ে দেন হাসপাতালের জরুরি বিভাগে। তারপর মাথায় তিনটি সেলাই ও সাত দিনের ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে অসুস্থ বাবার শয্যাপাশে ঠাঁই হলো বন্ধন কুমার নাথের (২০)।জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে অসুস্থ বাবাকে দেখতে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তাপ্রহরীর মারধরে নিজেই রোগী হয়ে যান বন্ধন। এ সময় কলাপসিবল গেট বন্ধ করে প্রহরীরা সেখানে ছিলেন। ওয়ার্ডে ঢোকা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে প্রহরী তাঁকে মারধর করেন। বন্ধনের বাড়ি হাটহাজারীর চন্দ্রপুর গ্রামে।বন্ধন অভিযোগ করে বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন বাবা নারায়ণ চন্দ্র নাথকে দেখতে তিনি গতকাল দুপুরে হাসপাতালে যান। কিন্তু দারোয়ান আজিম উদ্দিন ওরফে বাবু কোনোভাবেই তাঁকে ওয়ার্ডের ভেতরে যেতে দিচ্ছিলেন না। একপর্যায়ে বাবু ভেতরে যেতে হলে ৮০ টাকা দাবি করেন। কিন্তু বন্ধন টাকা দিতে রাজি হননি। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বাবুর হাতে থাকা তালা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ সময় প্রহরীরা তাঁর মোবাইল ফোনসেটও ছিনিয়ে নেন।বন্ধন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে অস্ত্রোপচার কক্ষে নিয়ে তাঁর মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেওয়া হয়। তাঁকে বিশ্রাম নেওয়ার পাশাপাশি তিন দিন পর হাসপাতালে আসার পরামর্শ দেন চিকিত্সক। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক মো. ফখরুজাহান বলেন, ‘দারোয়ানের মারধরে আহত ছেলেটিকে উপপরিচালক আমার কাছে পাঠান। মাথার বাঁ পাশে প্রায় দুই ইঞ্চি কেটে গেছে।’বন্ধনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে টাকা না দেওয়ায় সুস্থ ছেলেটাকে এভাবে মেরে অসুস্থ বানিয়ে দিল দারোয়ান। মোবাইলটিও কেড়ে নিল।’বন্ধন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। এ ছাড়া হাসপাতালের পুলিশ ক্যাম্পেও জানানো হয়। ঘটনাটি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক মঈন উদ্দিন আহমদ বলেন, ‘এভাবে দারোয়ানেরা রোগীর অভিভাবকের গায়ে হাত তুলতে পারে না। আমরা ছেলেটির লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব।’বাবু হাসপাতালে কর্তব্যরত বেসরকারি সংস্থা গাউছিয়া এজেন্সিসের সরবরাহ করা নিরাপত্তাপ্রহরী। ঘটনার পর তিনি পালিয়ে যান। হাসপাতাল এলাকায় কর্মরত গাউছিয়ার সুপারভাইজার জাফর আহম্মদ বলেন, ‘দারোয়ানের গায়ে হাত তুলেছে বলে বাবু ছেলেটিকে মেরেছে।’ তাঁকে পুলিশে কেন দেওয়া হয়নি এবং মোবাইল ফোনসেট কেন ছিনিয়ে নেওয়া হয়, জানতে চাইলে তাঁরা উত্তেজিত হয়ে বলেন, ‘এত কথা আপনাকে বলা যাবে না।’