হাসপাতালে বিছানা প্রদান
প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি বন্ধুসভার পক্ষ থেকে ১০০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতালের জন্য একটি বিছানা (বেড) দেওয়া হয়।গতকাল শনিবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন নওশের আলীর কাছে বিছানা হস্তান্তর করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক ফেরদৌস রায়হান, প্রথম আলো প্রতিনিধি মো. আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, সদস্য ফারজানা নাদিরা, আব্বাস উদ্দীন সংগীত একাডেমির সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।এদিকে শুক্রবার ঝালকাঠিতে বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ৮০ জন দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন নওশের আলী ও ডায়াবেটিক সমিতির চিকিৎসা কর্মকর্তা সোয়েব হোসেন চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন। বিনা মূল্যে চিকিৎসাসেবায় সহযোগিতা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে সকাল নয়টায় প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহম্মদ হিরুজ্জামান, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রুস্তম আলী, আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জহুরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, চিত্তরঞ্জন দত্ত, সুজনের সভাপতি হেমায়েত উদ্দিন, জেলা ফারিয়ার সভাপতি সানাউল হক প্রমুখ।