১০০ শয্যার বরিশাল সদর হাসপাতালে বিদ্যুতের বিকল্প সংযোগ না থাকায় ঝুঁকি নিয়ে চলে অস্ত্রোপচার। প্রতিদিন অস্ত্রোপচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। সর্বশেষ ৮ মে অস্ত্রোপচারকক্ষে মারা যায় স্কুলছাত্রী আনারকলি (১২)।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম শামছুদ্দিন আহমেঞ্চদ অভিযোগ করেন, হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করার জন্য অনেকবার বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। বিদ্যুৎ বিভাগ নানা অজুহাত দেখিয়ে দ্বিতীয় সংযোগ দেয়নি।বিদ্যুৎ বিভাগের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় ২০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ওই বিল পরিশোধের জন্য অনুরোধও জানানো হয়। তার পরও বিকল্প সংযোগ দেওয়ার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দেওয়ার পর তাদের বিকল্প সংযোগ দেওয়ার জন্য একটা সম্ভাব্য খরচের হিসাব দেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি।হাসপাতাল সুত্র জানায়, ২০০৪ সালে হাসপাতালের জন্য একটি জেনারেটর কেনা হয়। কিন্তু তেল সরবরাহ না থাকায় সেটি চালানো যায়নি। পরবর্তী সময় ২০০৯-১০ অর্থবছরে যখন তেল সরবরাহের অনুমতি পাওয়া যায়, তখন আর ওটি সচল করা সম্ভব হয়নি। একপর্যায়ে সিএমএমইউর কারিগরি শাখায় জেনারেটরটি মেরামত করতে গিয়েও সফল হয়নি। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ২০০৫ সাল থেকে বিদ্যুতের ওপর নির্ভর করেই চলছিল অস্ত্রোপচারকক্ষ।৮ মে সদর হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক প্রধান জহুরুল হক প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে কেনা জেনারেটরটি শুধু তেল সরবরাহ না থাকায় অকেজ হয়ে যায়। এর পর থেকে আর কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করতে রাজি হবেন না। দ্রুত বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না করলে এই হাসপাতালে আসা রোগীরা সমস্যায় পড়বে।বরিশাল সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাসহ অনেকের বাসায় বিদ্যুতের দুটি সংযোগ রয়েছে। অথচ সরকারি একটি হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় এক স্কুলছাত্রীকে জীবন দিতে হয়েছে। শুধু আইনের মারপ্যাঁচ না দেখিয়ে সদর হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুতের দ্বিতীয় সংযোগ দ্রুত দেওয়া উচিত।এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালের কাছে ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। তারা ওই টাকা পরিশোধ করেনি। বকেয়া টাকা পরিশোধ না করায় তাদের পক্ষ থেকে দ্বিতীয় সংযোগ নেওয়ার জন্য কোনো দরখাস্তও করা হয়নি।সহকারী প্রকৌশলী মো. বশিরুজ্জামান বলেন, অবৈধভাবে অনেকে দুটি সংযোগ নিয়েছিল। সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। সদর হাসপাতালের জন্য সাত লাখ টাকার একটা হিসাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা আর এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি।