হাসপাতালে বিদ্যুৎ ও পানি নেই এক সপ্তাহ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে হাসপাতাল এলাকা। বিপাকে পড়েছেন রোগী, চিকিৎসকসহ হাসপাতালের কর্মীরা।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে পানি সরবরাহের একমাত্র বৈদ্যুতিক পাম্পটি গত ৩০ মে নষ্ট হয়ে যায়। এর পরদিন বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও পুড়ে বিকল হয়। ফলে হাসপাতালে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে ট্রান্সফরমারটি পরিবর্তন এবং পানির পাম্পটি মেরামতের জন্য কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলীকে জানানো হয়। দোয়ানী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোকতার হোসেন বলেন, ‘বৈদ্যুতিক ট্রান্সফরমারটি স্বাস্থ্য বিভাগের নিজস্ব। এটি মেরামত ও পুনঃস্থাপন করার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের।’আবাসিক চিকিৎসা কর্মকর্তা পি কে দাস বলেন, ‘হাসপাতাল চত্বর ও আবাসিক ভবনে বিদ্যুৎ ও পানি না থাকায় আমরা কষ্টের মধ্যে আছি।’