হাসপাতালে ভাঙচুর মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার আবদুল আলিম (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও জড়িত চিকিৎসকদের শাস্তির দাবিতে রোগীর স্বজন ও এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালান এবং পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল আলিম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৭ ডিসেম্বর সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়। আলিমের বাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন হলদিবাড়ী এলাকায়। তাঁর মৃত্যুর পর আত্মীয়স্বজন ও এলাকাবাসী জরুরি বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তার কক্ষে ভাঙচুর করেন। এলাকাবাসী বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবহেলার অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, শনিবার রাতেও আলিমের শারীরিক অবস্থা ভালো ছিল। গতকাল নয়টার দিকে তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।