গুরুতর অসুস্থ ভাষাসৈনিক মতিন
ভাষাসৈনিক আব্দুল মতিনকে আজ সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা বলেছেন, তিনি স্ট্রোক করেছেন। তাঁর শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে।
আব্দুল মতিনের পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজন এবং বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ছিলেন আব্দুল মতিন। আজ দুপুরে তাঁর স্ট্রোক হয়। তাঁকে প্রথমে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি হাসপাতালের চিকিত্সক ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি চিকিত্সাধীন।
মফিজুর রহমান বলেন, আব্দুল মতিন বেশ কয়েক দিন ধরে স্মৃতিভ্রম সমস্যায় ভুগছেন। মাঝে মাঝে তিনি কাউকে চিনতে পারছিলেন না। এমনকি পরিবারের সদস্যদের চিনতেও সমস্যা হচ্ছিল তাঁর।
আজ সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ করা হলে চিকিত্সক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আব্দুল মতিনের ডান পাশ অবশ হয়ে গেছে। তিনি এখনো সংজ্ঞাহীন। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। আমরা তাঁর চিকিত্সার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করছি।’