হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনায় ফের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার রোডে কদম আলী মার্কেটে শাপলা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপচিকিৎসার ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন।
ওই তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আতিকুল ইসলামকে প্রধান করে কমিটি করা হয়। এর আগে গঠিত তদন্ত কমিটি অপচিকিৎসার প্রমাণ পেয়ে সুপারিশ করায় হাসপাতালটি সিলগালা করে দেন ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমান।
গত ১৬ মে শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে মুদিদোকানি মো. মনিরুজ্জামান অপচিকিৎসার শিকার হন। পেটের ব্যথা নিয়ে ওই হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় মনিরুজ্জামানের পায়ুনালি কেটে ফেলেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ হাসান ইমাম বলেন, আগের তদন্ত কমিটি অপচিকিৎসার প্রমাণ পেয়ে হাসপাতাল কতৃর্পক্ষকে রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য বলেছিল। কিন্তু চিকিৎসার দায়িত্ব না নিয়ে তারা রোগীর স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় মনিরুজ্জামানের ছোট ভাই কামাল হোসেন শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।