গাজীপুর সিটি করপোরেশনে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। এতে হাসপাতালে ভ্যাকসিনের সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে ওই হাসপাতালে শুধু কুকুরের কামড়ে আক্রান্ত রোগী আসেন ৯৭৭ জন এবং অন্যান্য প্রাণী আক্রান্ত রোগীর সংখা ছিল ১৯৫। ওই মাসে ভ্যাকসিন সংখ্যা ছিল ৩০৫ অ্যাম্পুল, গত ফেব্রুয়ারিতে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬৪ জন ও অন্যান্য প্রাণী আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২০ জন। ওই মাসে ভ্যাকসিনের সংখ্যা ছিল ২৭৬ অ্যাম্পুল এবং মার্চে কুকুরে কামড়ের রোগীর সংখ্যা ছিল ৬২০ ও অন্যান্য বিষাক্ত প্রাণীতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪৩ জন। মার্চে ভ্যাকসিন ছিল ২২০ অ্যাম্পুল তার মধ্যে দুটি নষ্ট হয়ে গিয়েছিল। ঢাকা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ওই ভ্যাকসিন সরবরাহ করা হলেও তার সংখ্যা থাকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম জানান, হাসপাতালে থেকে প্রতি মাসেই ভ্যাকসিনের জন্য চাহিদাপত্র পাঠানো হচ্ছে। কিন্তু অতিরিক্ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাবুদ জানান, কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কুকুর নিধন করতে গেলে আদালত অবমাননার শামিল হবে। তবে তার পরও পাগলা কুকুর বা মানুষের স্বাস্থে৵র জন্য ক্ষতিকর এমন কুকুর বাছাই করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভেটেরিনারি অফিসার ডা. সোহরাব হোসেন জানান, গাজীপুরে প্রায় ২০ থেকে ২৫ হাজারের মতো কুকুর রয়েছে। এসব কুকুর নিধন করে কুকুরের সংখ্যা কমানো সম্ভব নয়। এ জন্য বৈজ্ঞানিক উপায়ে কুকুরের দেহে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দিতে হবে। এ ছাড়া কুকুরের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থাও করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করতে হবে। এ ছাড়া বেওয়ারিশ কুকুর আবদ্ধ করার জন্য সরকারিভাবে আশ্রয়কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।