হাসপাতালে মায়ের অপেক্ষায় ঐশী
ঐশীর বয়স মাত্র পাঁচ বছর। শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ। তবে এই মুহূর্তে ঐশীর আর কিছু ভাবার সময় নেই। সে তার মায়ের জন্য অপেক্ষা করছে।রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ৪০৫ নম্বর ওয়ার্ডে (শয্যা ২২) ঐশী ভর্তি রয়েছে। মা পরিচয় দিয়ে হাসপাতালে শিশুটিকে ভর্তি করা নারীর খোঁজ মিলছে না। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ। তবে হাসপাতালে অন্য রোগীর আত্মীয়স্বজন শিশুটিকে আদর-যত্ন করছেন।হাসপাতালের ওই ওয়ার্ডে সন্তানকে চিকিৎসা করাচ্ছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (রিভার) মো. হাসান মোস্তফা। তিনি জানান, হাসপাতালের বেশির ভাগ লোক শিশুটিকে আদর করছে দেখে কৌতূহলী হয়ে ঐশীর খোঁজ নেন। নিজ উদ্যোগে হাসপাতালের ভর্তি খাতা থেকে তার মায়ের মুঠোফোন নম্বর জোগাড় করেন। কিন্তু ওই নম্বরটি বন্ধ পেয়েছেন। খাতায় উল্লেখ থাকা আরেকটি নম্বরে যোগাযোগ করে জানতে পারেন, তিনি ঐশীর মায়ের দ্বিতীয় স্বামীর পরিচিত একজন। হাসান মোস্তফার কাছ থেকে ঐশীর বাবার পরিচিত সেই ব্যক্তিটির মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, ‘সুমন সাহা খুব সম্ভবত ঐশীর দ্বিতীয় বাবা। সুমনের সঙ্গে আমার সামান্য পরিচয় আছে। কয়েক দিন আগে এক নারী ফোন করে সুমনের স্ত্রী বলে পরিচয় দেন। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান ওই নারী। টাকার অভাবে অসুস্থ মেয়েকে হাসপাতালে ভর্তি করাতে পারছেন না, এটা শোনার পর সামান্য পরিচয় থাকলেও এগিয়ে যাই। হাসপাতালে গিয়ে শিশুটিকে ভর্তি করাই।’ ওই ব্যক্তি জানান, এর মধ্যে মুঠোফোনে সুমনের সঙ্গে একবার যোগাযোগ হয়। তিনি নরসিংদীতে অবস্থানের কথা জানিয়ে বলেন, ঢাকায় আসছেন। কিন্তু গত দুই দিন তাঁর মুঠোফোন বন্ধ পাচ্ছেন। হাসপাতালে ঐশীর চিকিৎসক সুজিত কুমার রায় প্রথম আলোকে জানান, গত ৮ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে থেলাসেমিয়ায় (মাইনর) ভুগছে। তবে তাকে জ্বর ও খিঁচুনির জন্য ভর্তি করা হয়। শিশুটি এখন সুস্থ। কিন্তু কেউ নিতে আসছে না বলেই তাকে হাসপাতালে থাকতে হচ্ছে।অন্য রোগীদের কয়েকজন স্বজন জানান, গত কয়েক দিন ঐশী সব সময় জামাকাপড় পরে বসে থাকছে। শুধু মায়ের কাছে যেতে চাইছে।হাসপাতালের পরিচালক এম এ কাশেম প্রথম আলোকে বলেন, ‘শিশুটি হাসপাতালে সবার আদরেই আছে। কিন্তু অভিভাবক না পাওয়ায় আমরা বিপাকে পড়েছি। অভিভাবক পাওয়া না গেলে থানায় জানানো হবে।’