‘জন (দিনমজুর) খাটে খাই। মাঠে দুই-চার বিঘে জমি আছে। ইচ্ছে ছিল, যেটুকু ধন-সম্পদ আছে তাই বেইচে মেয়েকে ডাক্তার বানাব। সে আশা ভাঙে গেল। যে বখাটে ইব্রাহিম আমার মেধাবী মেয়ের হাতের আঙুল ও কান কাটে নিল, পুলিশ তারে একটা নখে আঁচড়ও দিল না। এ দুঃখের কথা আমি কার কাছে বলব।’ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বসে চোখের পানি ফেলতে ফেলতে কথাগুলো বলছিলেন বখাটের দায়ের কোপে আহত এক ছাত্রীর বাবা। এই হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটি। গত ১৬ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামের বখাটে ইব্রাহিম হোসেন (১৯) ওই মেয়েটিকে এলোপাতাড়ি কোপায়। এতে মেয়েটির বাঁ হাতের দুটি আঙুল কেটে পড়ে যায়। অপর দুটি আঙুল ও ডান কান কেটে ঝুলেছিল। গভীর ক্ষত হয় মাথা ও ঘাড়ে। মারাত্মক আঘাত পায় ডান পায়ে। যশোর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট (সার্জারি) এন কে আলম প্রথম আলোকে বলেন, মেয়েটির বাঁ হাতের দুটি আঙুল কেটে পড়ে গেছে। কেটে ঝুলে থাকা অপর দুটি আঙুল ও ডান কান সেলাই দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। ঘাড়ের ক্ষতটি খুবই মারাত্মক। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় ওই দিনই মেয়েটির বাবা বখাটে সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ও তার বাবা আবু তাহেরকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে সে যশোর কারাগারে। নির্যাতিত মেয়েটি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। ক্রমিক নম্বর তিন। এবারের প্রথম সাময়িক পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, ‘মেয়েটি খুবই মেধাবী। অত্যন্ত নম্র। তাকে নিয়ে আমাদের অনেক আশা।’পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: মেয়েটির ওপর হামলার ঘটনার ছয় দিন পার হয়ে গেছে। অথচ ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়নি পুলিশ। মেয়েটির চাচা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে জামাই আদর করেছে। তদন্তের নামে তাদের বাড়ি গিয়ে ডাবের পানি খেয়ে ফিরে আসছে। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কোনো কথা বলছে না।’ আনোয়ার বলেন, ইব্রাহিমের ফুফাতো-মামাতো ভাইয়েরা বিত্তশালী। এলাকায় তাদের প্রভাব রয়েছে। তারা পুলিশকে দিয়ে ইব্রাহিমকে ‘মানসিক রোগী’ বানিয়ে মামলা দুর্বল করার চেষ্টা করছে। এ ব্যাপারে কথা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ইব্রাহিম এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে দা দিয়ে কোপানো হয়েছে সেটিও উদ্ধার করা হয়েছে। তাই রিমান্ড আবেদনের প্রয়োজন হয়নি।‘ইব্রাহিম খারাপ প্রকৃতির’: ২০০৮ সালে ইব্রাহি নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত। স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, ‘ইব্রাহিম খারাপ প্রকৃতির ছেলে। মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে ২০০৮ সালে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।’