হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি
দুটি চোখে কেবলই যন্ত্রণার ছাপ। গো-গো আওয়াজ করা ছাড়া মুখে কোনো ভাষা নেই। ভাঙা হাত নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় এক সপ্তাহ ধরে চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছে অজ্ঞাতনামা প্রতিবন্ধী এই শিশুটি।
অর্থোপেডিক চিকিৎসক না থাকায় হাসপাতালে শুধু ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে শিশুটিকে। শিশুটির সঙ্গে কেউ না থাকার অজুহাত দেখিয়ে তাকে অন্য হাসপাতালেও স্থানান্তর করছে না ওই স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এতে করে ওই শিশুটির হাতটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই শিশুটিকে কয়েকজন পথচারী গত ৩ জুলাই হাসপাতালে রেখে যান। এরপর গত এক সপ্তাহে কেউ শিশুটির খোঁজ নেয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশুটির পরনে কোনো কাপড় নেই। তার চোখেমুখে কেবলই যন্ত্রণার ছাপ। তার বাঁ হাতটি শরীরের সঙ্গে ঝুলে রয়েছে।
ব্যবস্থাপত্রের সঙ্গে থাকা এক্স-রে ফিল্মটি দেখিয়ে একজন সেবিকা বলেন, শিশুটির বাঁ হাতের কনুইয়ের ওপরের দিকে হাড় ভেঙে আলাদা হয়ে গেছে। হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক না থাকায় এক সপ্তাহ ধরে তার ওই হাতটি প্লাস্টার করা সম্ভব হয়নি। কিছু ব্যথানাশক ওষুধ খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিক চিকিৎসক নেই। কোনো অভিভাবক পাওয়া না যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে অন্য হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। ঘটনাটি তিনি থানায় জানিয়ে রেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, এভাবে চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে থাকলে শিশুটির বাঁ হাতটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।