হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন অগ্নিদগ্ধ ছাত্রী
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন অগ্নিদগ্ধ কলেজছাত্রী ফাতেমাতুল জান্নাত (২০)। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত শুক্রবার তাঁর শরীরে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌরসভার স্টেশন রোডের বিসমিল্লাহ হার্ডওয়্যারে বসে শহরগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন ময়মনসিংহ নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমাতুল জান্নাত। এ সময় বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক নজরুল ইসলাম মোমবাতি জ্বালিয়ে সেটি ওই কলেজছাত্রীর হাতে দেন। ওই সময় এক গ্রাহক স্পিরিট কিনতে আসেন। দোকানের মালিক গ্রাহকের পাত্রে স্পিরিট ঢালার সময় মোমবাতি থেকে স্পিরিটে আগুন ধরে যায়। এ সময় ফাতেমাতুল জান্নাতের শরীরেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পরই দোকানের মালিক দোকানে তালা দিয়ে পালিয়ে যান।ফাতেমাতুল জান্নাতের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রংপুর গ্রামে।