হাসপাতালে রোগীর আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কমবেশি প্রায় সব সরকারি হাসপাতালে চিকিৎসক ও জনবলের সংকট রয়েছে। চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা যখন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত, তখন ফরিদপুরের বক্ষব্যাধি হাসপাতাল ও টিবি (যক্ষ্মা) ক্লিনিকে দেখা গেল উল্টো চিত্র। এখানে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, জনবল ও অবকাঠামো রয়েছে, কিন্তু নেই রোগী।ফরিদপুর টিবি ক্লিনিক ও বক্ষব্যাধি হাসপাতাল শহর থেকে তিন কিলোমিটার দূরে ভাজনডাঙ্গায় অবস্থিত। ১৯৫৭ সালে পাঁচ একর ৪০ শতাংশ জমির ওপর স্থাপন করা হয় ২০ শয্যার হাসপাতালটি। রাস্তার ওপারে রয়েছে টিবি ক্লিনিক। হাসপাতাল প্রতিষ্ঠার দুই বছর আগে তিন একর ৩০ শতাংশ জমিতে ক্লিনিকটি গড়ে ওঠে। এটি বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগ হিসেবে ব্যবহূত হচ্ছে।১৯ জুলাই হাসপাতালে ঢুকে দেখা গেল, বেশির ভাগ কক্ষই তালাবদ্ধ। একটি কক্ষে তিনজন সেবিকা বসে আছেন। হাসপাতালের তিনটি ওয়ার্ডের দুটিই বন্ধ। শুধু একটি ওয়ার্ডে চারজন রোগী আছে। ওই দিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিবি ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছে মাত্র তিনজন। রোগীদের হিসাব ফাইল ঘেঁটে জানা গেছে, গত জুনে এ ক্লিনিকে ৩০ জন রোগী এসেছে। এর মধ্যে মাত্র একজনের বক্ষব্যাধি পাওয়া গেছে। গত মে মাসে ৩৬ জনের মধ্যে তিনজনের বক্ষব্যাধি শনাক্ত করা গেছে। হাসপাতালে প্রতিদিন গড়ে চারজন এবং টিবি ক্লিনিকে আসে গড়ে তিনজন রোগী।বক্ষব্যাধি হাসপাতালে বর্তমানে কর্মরত আছেন ১৪ জন। এর মধ্যে দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, তিনজন সিনিয়র স্টাফ নার্স, তিনজন সহকারী নার্স, তিনজন ওয়ার্ডবয়, একজন বাবুর্চি ও একজন ঝাড়ুদার। টিবি ক্লিনিকে জনবল ১১ জন। এর মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, একজন মেডিকেল রেডিওগ্রাফার, একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন সহকারী নার্স, চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস), একজন আয়া ও একজন ঝাড়ুদার।১৯ জুলাই সরেজমিনে টিবি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা আশরাফুন্নাহারকে অনুপস্থিত পাওয়া গেছে। নার্স মতিয়ার রহমান জানান, চিকিৎসা কর্মকর্তা ছুটি ছাড়াই অনুপস্থিত আছেন। তাঁর অবর্তমানে ক্লিনিকে বসে দায়িত্ব পালন করছেন বক্ষব্যাধির চিকিৎসা কর্মকর্তা মনিরা বেগম। তিনি বলেন, ‘আমরা দুজন বান্ধবী। গত ১৮ মে একসঙ্গে দুজন যোগ দিয়েছি। তাই কাজের সময় একে অন্যকে সাহায্য-সহযোগিতা করি।’ফার্মাসিস্ট আবদুর রহমান জানান, আগে ক্লিনিকে কনসালট্যান্ট থাকায় হাসপাতালে গড়ে ১৮ থেকে ২০ জন রোগী থাকত। এখন কনসালট্যান্ট নেই বলে রোগীও নেই। তা ছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে দুটি যক্ষ্মা ইউনিট খোলায় রোগী কমে গেছে।স্থানীয় বাসিন্দা আল-আমিন অভিযোগ করেন, হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকেরা নিয়মিত আসেন না। প্রতিদিন অনেক রোগী এসে ফিরে যায়। অন্য কর্মচারীরাও অফিস করেন ইচ্ছে-স্বাধীনভাবে। তাই দিন দিন রোগী কমে যাচ্ছে।ঠিকাদার নান্নু মোল্লা জানান, বিশেষায়িত হাসপাতাল, অথচ বক্ষব্যাধির ওপর বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। ভাজনডাঙ্গা এলাকার মো. মাসুদ জানান, এ হাসপাতালের কথা শুনে উপজেলা থেকে অনেক যক্ষ্মা রোগী আসে। কিন্তু তাদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নিতে।ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, বক্ষব্যাধি হাসপাতালে একজন কনসালট্যান্ট প্রয়োজন। বক্ষব্যাধি হাসপাতাল ও টিবি ক্লিনিকে রোগী আসে না স্বীকার করে তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান ডেমিয়েন ফাউন্ডেশনের সঙ্গে বক্ষব্যাধি হাসপাতাল পরিচালনার ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে।’