শীতের আগেই লক্ষ্মীপুর সদর উপজেলায় ডায়রিয়া ও নিমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। জেলা সদর হাসপাতালে গত এক সপ্তাহে ডায়রিয়া ও নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ২০৩ জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৯৮ জনই শিশু। এর মধ্যে ডায়রিয়ায় ১৩১ জন এবং নিমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৭২ জন। কিন্তু হাসপাতালে শয্যা কম থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনেরা।
সদর উপজেলার মান্দারী গ্রামের মমতাজ বেগম বলেন, তিন মাস বয়সী তাঁর মেয়ে মুনতাহাকে গত রোববার হাসপাতালে ভর্তি করেছেন। আরেকটি শিশুর সঙ্গে একই শয্যায় তাঁর মেয়ের চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের পাপিয়া আক্তারের আট মাসের মেয়ে নুহার তিন দিন ধরে চিকিৎসা চলছে ওয়ার্ডের মেঝেতে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শয্যা কম থাকলেও সব রোগীকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ নার্স মেহেরুন নেছা জানান, শিশু ওয়ার্ডে ১৮টি শয্যা রয়েছে। গতকাল বুধবার নিমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজন শিশু ভর্তি হয়েছে। আগে থেকে চিকিৎসাধীন রয়েছে ৩৪ শিশু। শয্যার অভাবে অনেক শিশুকে মেঝেতেও থাকতে হচ্ছে।
অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ নার্স হারুনুর রশিদ বলেন, বুধবার ডায়রিয়া ওয়ার্ডে পাঁচজন ভর্তি হয়েছেন। এর মধ্যে চারজনই শিশু। এর বাইরে ১৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত এক সপ্তাহে এই ওয়ার্ডে ১৩১ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১২৬ জনই শিশু। এই ওয়ার্ডেও ১৮টি শয্যা রয়েছে।
জানতে চাইলে জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া জানান, শীতের কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ১০০ শয্যার সদর হাসপাতালে প্রতিদিন দুই শতাধিক রোগী ভর্তি থাকে। সে কারণে রোগীদের কিছুটা অসুবিধা হচ্ছে।