হাসপাতালে সন্ধ্যায়ও রোগী দেখতে হবে
এখন থেকে ঢাকার সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সন্ধ্যায়ও রোগী দেখতে হবে। গতকাল শনিবার রাজধানীর সব কটি হাসপাতালের কর্তৃপক্ষকে ডেকে জরুরি সভা করে এ নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ মে তেজগাঁওয়ের নাক-কান-গলা হাসপাতালে বেলা সোয়া দুইটায় গিয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সভা ডাকেন তিনি। বৈঠকে হাসপাতালগুলোর কর্তৃপক্ষও বিভিন্ন সমস্যার কথা বলে।
এর আগে গত ৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সন্ধ্যার সময় রোগীরা যেন বিশেষজ্ঞ সেবা পান, সে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন। তবে দুই মাসেও নির্দেশ বাস্তবায়িত হয়নি কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টির কথা বলা হয়েছে। এ ছাড়া আগের মতো আবাসিক চিকিৎসকদের হাসপাতালে সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের আগেই স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। বৈঠকে উপস্থিত কমপক্ষে তিনটি সূত্র বলেছে, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথা বলেন। হাসপাতালের পরিচালকেরা বলেন, অবকাঠামোগত ত্রুটি সারানোর দায়িত্ব গণপূর্ত বিভাগের। তাদের ওপর হাসপাতালের পরিচালকদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা কী কাজ করে, আদৌ করে কি না, সে সম্পর্কে পরিচালকেরা খবর পান না। এ ছাড়া তাঁরা হাসপাতালে রোগীর দর্শনার্থীদের ভিড় কমানোর কথা বলেন। বিছানার অতিরিক্ত রোগী এবং এক রোগীর জন্য অন্তত তিনজন দর্শনার্থী হওয়ায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক সময় সম্ভব হয় না।
রোগীরা প্রায়ই অভিযোগ করেন, হাসপাতালে ভর্তির পর দু-তিন দিন গড়িয়ে গেলেও চিকিৎসকের দেখা পান না। হাসপাতালের পরিচালকেরা বলেন, চিকিৎসক, ওয়ার্ডবয়, আয়া কেউই তাঁদের জন্য নির্ধারিত পোশাক পরে আসেন না। সে কারণে রোগী তাঁদের চিনতে পারেন না।
সভায় ইচ্ছেমতো যন্ত্রপাতি কেনাকাটা হচ্ছে বলে মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তা উল্লেখ করেন। কেনাকাটার বিষয়টি একটা নিয়মনীতির মধ্যে নিয়ে আসার কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি।