স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, হাসপাতালে সরবরাহ করা ওষুধ বাইরে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে দোকানে। সরকারি ওষুধের মোড়ক পরিবর্তন করা হবে। ‘বিক্রয়যোগ্য নয়’-এর পরিবর্তে ‘বিক্রি করা অপরাধ’ বাক্যটি লেখা হবে। তিনি বলেন, কারও দোকানে সরকারি ওষুধ পাওয়া গেলে তাঁকেই শাস্তি দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত ট্রমা সেন্টারের কার্যক্রম শুরুর প্রায় তিন বছর পর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দেশের দুর্ঘটনাপ্রবণ পাঁচটি জায়গায় ট্রমা সেন্টার নির্মাণ করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর ট্রমা সেন্টারগুলোর প্রতিটিতে ৭০টি পদে নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অথচ দুই বছর পার হওয়ার পরও সেই নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্যমন্ত্রী চিকিত্সকদের উদ্দেশ্যে বলেন, কর্মস্থল অনুযায়ী কাজ করতে হবে। কর্মস্থল ত্যাগ করে বাড়ি চলে যাবেন—এ অবস্থা চলতে দেওয়া যাবে না। আপনারা কর্মস্থলে থাকবেন কি থাকবেন না, সিদ্ধান্ত নিন। থাকলে কাজ করতে হবে, না থাকতে চাইলে অন্য পথ খোলা আছে।দেশের সব মেডিকেল কলেজে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, অবশ্যই এ সুবিধা শিক্ষার কাজে ব্যবহার করতে হবে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপ্তি রাণী প্রামাণিক। এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের জেলা সভাপতি এম এ জলিল, জেলা বিএমএ সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের পরিচালক এ কে মুজিবর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ রফিকুল আক্তার, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, সিভিল সার্জন বশিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।