হাসপাতালে সাপের বিষের ওষুধ ছিল না, ওঝায়ও কাজ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় সাপের কামড়ে মারা গেছেন আজাদ খান (৩২) নামের এক যুবক। সদর হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না পেয়ে যুবককে পরিবারের লোকজন ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁকের পর ওই যুবক মারা যান।

গতকাল মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে বিষধর সাপ আজাদ খানকে কামড় দেয়। আজ বুধবার ভোররাত চারটার দিকে তিনি মারা যান।

আজাদ খান উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের বালিগ্রাম এলাকার মো. আজম আলী খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বালিগ্রাম এলাকায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে তাঁর পায়ের নিচে চাপা পড়ে একটি বিষধর সাপ। এ সময় সাপটি ওই যুবককে কামড় দেয়। পরে ওই যুবককে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় চিকিৎসক তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। সেখানে না গিয়ে পরিবারের সদস্যরা আজাদকে এক ওঝার কাছে এনে ঝাড়ফুঁক দেন। এর কিছু সময় পরই আজাদ মারা যান।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। মারা যাওয়া যুবকের পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।’