হাসপাতালে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিপাকতন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার ভোরে মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম নগরের ও আর নিজাম সড়কের বেসরকারি ক্লিনিক ‘মেডিকেল সেন্টার’-এ ভর্তি করানো হয়।মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে তিনি পরিপাকতন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছেন। দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার ভোর পাঁচটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো।এদিকে গতকাল সকাল থেকে মহিউদ্দিন চৌধুরীর অসুস্থ থাকার খবর নগরে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী ও আত্মীয়স্বজন তাঁকে দেখতে হাসপাতালে আসেন।গতকাল বিকেল সোয়া চারটায় মহিউদ্দিন চৌধুরীকে দেখতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসকদের কাছে তাঁর চিকিৎসার বিষয়ে জানতে চান। এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি চন্দন ধর, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।