হাসপাতালে সেবাধর্মী কাজে শিক্ষার্থীরা
বেলা একটা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ওয়ার্ডে ছোটাছুটি করছে একদল শিক্ষার্থী। শিশু ওয়ার্ড, হেমাটোলজি ও অনকোলজি ইউনিটে ভর্তি হওয়া শিশু রোগীদের স্বজনের হাতে দুই জোড়া করে নতুন সাবান তুলে দিচ্ছিল তারা। সাবান বিতরণ শেষে শিক্ষার্থীরা নেমে পড়ল ওয়ার্ডের মেঝে পরিষ্কারের কাজে।
অধ্যক্ষ সাফিয়া গাজীর নেতৃত্বে চিটাগাং সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের জনা তিরিশেক শিক্ষার্থী গতকাল শনিবার এভাবে নিজেদের সেবাধর্মী কাজে যুক্ত করল। ওই সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির আরও ১০ জন শিক্ষক। শিশু স্বাস্থ্য বিভাগ ছাড়াও হাসপাতালের প্রসূতি বিভাগেও সাবান বিতরণ করেছে শিক্ষার্থীরা। বহুজাতিক সংস্থা ইউনিলিভারের সৌজন্যে এই পণ্য বিতরণ করা হয়।
হাসপাতাল পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া শিক্ষার্থী শারাফাত মাহি ও তানভীর সাঈদ বলে, ‘আগেও এ ধরনের সেবাধর্মী কাজে অংশ নিয়েছি। রোগীদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।’
পরিচ্ছন্নতা অভিযানের আগে গতকাল প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটে তাঁরা রক্তদান করেন। শিক্ষার্থী ফাইজা আকবর চৌধুরী বলে, ‘জীবনে প্রথমবারের মতো রক্ত দান করলাম। অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার অনুভূতিই অন্য রকম।’
চিটাগাং সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী বলেন, ‘সুযোগ পেলেই আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সেবাধর্মী কাজে যুক্ত করি। এসব শিক্ষার্থীর প্রায় সবাই সচ্ছল পরিবারের সন্তান। কিন্তু তারা যেন সমাজের বাস্তব চিত্রটি নিজের চোখে দেখতে পায় এবং তাদের মধ্যে যেন সেবার মনোভাব গড়ে ওঠে, এ লক্ষ্যেই হাসপাতালে নিয়ে এসেছি।’
পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি শিক্ষার্থীরা হাসপাতালে রোগী ও স্বজনদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে।