হাসপাতালে স্কুলছাত্রকে কোপাল দুর্বৃত্তরা
মুঠোফোন নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে।আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগের দিন দুপুরে একই বিরোধকে কেন্দ্র করে শহিদুলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সেই জখম নিয়ে শহিদুল হাসপাতালে ভর্তি হয়েছিল। শহিদুল পটুয়াখালী সদর উপজেলার মৌকরন গ্রামে বাবুল প্যাদার ছেলে। বাবুল প্যাদা শহরের সরকারি কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।এ ঘটনায় বাবুল প্যাদা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই মেহেদী হাসান ওরফে জুম্মান নামের এক তরুণকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।শহিদুলের মা হাসিনা বেগম জানান, তিন ছেলের মধ্যে শহিদুল মেজো। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার একটি দামি মুঠোফোন ছিল। এই ফোন নিয়ে পাশের কাঠপট্টি এলাকার কয়েকজনের সঙ্গে তার ঝগড়া হয়। তারা একাধিকবার শহিদুলের মুঠোফোনটি জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এর জের ধরে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফেরার পথে সবুজবাগ প্রথম লেনের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ওই দুর্বৃত্তরাই ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। শহিদুলের চিৎকারে লোকজন ছুটে আসে। কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারেনি। একপর্যায়ে দুর্বৃত্তরা হাসপাতাল ছেড়ে চলে যায়।হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজা মো. জামান বলেন, ‘এ ঘটনার পর হাসপাতালের ভেতরে আমরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।’ পটুয়াখালী সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বাবুল প্যাদা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন।