হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামীর পলায়ন
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় গত মঙ্গলবার রাতে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যান স্বামী৷ গতকাল বুধবার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷
ওই গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪৫)৷ তিনি শ্রীপুরের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী বাজারের মৎস্য ব্যবসায়ী মো. আলমের স্ত্রী৷
পুলিশ ও পরিবার জানায়, চার বছর আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তল্লী কোনাপাড়া গ্রামের মৃত হেকিম মিয়ার মেয়ে আনোয়ারা বেগমের সঙ্গে পাশের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. আলমের বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিলেন আলম৷ তিনি তিন থেকে চার লাখ টাকা নিয়েছেন৷ গত মঙ্গলবার রাতে আবারও টাকা চাইলে স্বামীর সঙ্গে আনোয়ারার ঝগড়া হয়৷
তাদের দাবি, ওই রাতেই শ্বাসরোধ করে আনোয়ারাকে হত্যা করেন আলম৷ পরে লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে লাশ রেখে পালিয়ে যান। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷