হাসপাতালে ৩২ জন, দুজন আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আহত পুলিশ সদস্যরা। গতকাল হাসপাতালে ১০১ নম্বর ওয়ার্ড থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আহত পুলিশ সদস্যরা। গতকাল হাসপাতালে ১০১ নম্বর ওয়ার্ড থেকে তোলা ছবি l প্রথম আলো

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আহত ব্যক্তিদের ৩২ জন রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে গুলশান ২-এর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন পুলিশ কনস্টেবল সুকুমার কুমার কুণ্ড ও রেস্তোরাঁর বিদ্যুৎ মিস্ত্রি জাকিউর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, রেস্তোরাঁয় হামলাকারীরা সবাই বাংলাদেশি এবং তাদের সঙ্গে বিদেশিদের কোনো যোগাযোগ নেই। তিনি জানান, এরা সবাই স্থানীয়ভাবে গড়ে ওঠা জঙ্গি।
সূত্র জানায়, এই হাসপাতালে ২১ পুলিশ সদস্যসহ ২৫, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চারজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই পুলিশসহ তিনজন চিকিৎসাধীন।
শুক্রবার রাতে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় পুলিশসহ প্রায় অর্ধশত ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে পুলিশসহ ৩৫ জনকে ইউনাইটেড হাসপাতালে, তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও চারজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আট পুলিশসহ ১০ জন চিকিৎসা নিয়ে ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন।
ইউনাইটেড হাসপাতালের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নির্বাহী সাজ্জাদুর রহমান গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে পুলিশ সদস্য সুকুমার ও বৈদ্যুতিক মিস্ত্রি জাকিউরকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। সুকুমারের মাথায় এবং জাকিউরের মাথা, চোখের নিচে ও পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ইউসুফ আলী গতকাল বলেন, মাথায় স্প্লিন্টার বিদ্ধ সুকুমারের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে থাকা জাকিউরকে পুলিশ সন্দেহভাজন মনে করছে।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শেখ মুহম্মদ মারুফ হাসান, তাঁর দেহরক্ষী সোহাগ খন্দকার, গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবদুল আহাদ, তাঁর দেহরক্ষী কামরুজ্জামান, গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম, তাঁর দেহরক্ষী মো. মানিক মিয়া, বনানী থানার টহল পরিদর্শক রফিকুল আলম, গুলশান থানার উপপরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাস, এসআই ফারুক হোসেন, বনানী ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই ইয়াছিন কাজী ও ওই ফাঁড়ির সহকারী উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া, গুলশান ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই মো. জাকির হোসেন, ডিএমপির চ্যান্সেরি বিভাগের কনস্টেবল মো. জাকির হোসেন, ডিএমপির বিশেষায়িত সোয়াট দলের এএসআই নুরুজ্জামান প্রমুখ।
গতকাল বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
ঢাকা মেডিকেলে যাঁরা চিকিৎসাধীন: গুলশান থানার দুই কনস্টেবল আলমগীর হোসেন ও প্রদীপ চন্দ্র দাস এবং জাপানের উন্নয়ন সংস্থা জাইকার গাড়িচালক আবদুর রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রদীপ ও আলমগীরের ডান পায়ে ও গালে এবং রাজ্জাকের হাতে ও গলায় স্প্লিন্টার বিঁধেছে। তিনজনই আশঙ্কামুক্ত।
গতকাল দুপুরে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইজিপি শহীদুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘হামলাকারীরা তালিকাভুক্ত জঙ্গি ছিল। তারা ছদ্মনামে ঘুরে বেড়াচ্ছিল। এই কারণে তারা ধরা পড়েনি।’
সিএমএইচে চিকিৎসাধীন যাঁরা: শ্রীলঙ্কার নাগরিক হানিকেস ও সামা, জাপানের কামারা ওয়াতানাবে ও র্যা ব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন।