মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাসহ চাঁদপুর সদর এবং আশপাশের এলাকাগুলোতে শিশুদের মধ্যে ব্যাপক হারে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে গত ১২ দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে ৯৩০টি শিশু ভর্তি হয়েছে। আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স পাঁচ বছরের মধ্যে। গত কয়েক দিনের তীব্র শীতের কারণে এ রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রোটা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ৯৩০টি শিশু ভর্তি হয়েছে। এদের বাড়ি চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি; কুমিল্লা সদর, বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, দেবীদ্বার, লাকসাম এবং লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায়। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আরও কিছু এলাকার কয়েকটি শিশুকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে যে হারে রোগী ভর্তি হচ্ছে, তা বছরের স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। প্রতিদিন গড়ে এখানে প্রায় ৭৮ জন রোগী ভর্তি হচ্ছে। ভর্তি করা শিশুদের ৯১ শতাংশেরই বয়স পাঁচ বছরের মধ্যে। শুধু গতকাল দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৪০টি শিশু ভর্তি হয়।
মতলব উত্তর উপজেলার টরকি গ্রামের শাহানাজ আক্তার জানান, তাঁর নয় মাস বয়সের মেয়ে ফাতিন আক্তারকে ২৯ ডিসেম্বর ভর্তি করা হয়েছে। ফাতিনকে রাইস স্যালাইন, বেবি জিংক ও সুজি খেতে দেওয়া হয়। এখন অবস্থা কিছুটা ভালোর দিকে।
হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, রোগ প্রতিরোধক্ষমতা কম থাকায় তীব্র শীতে শিশুরা ব্যাপক হারে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এটাকে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া বলা হয়। এই রোগে আক্রান্ত শূন্য থেকে ছয় মাস বয়সের শিশুদের দেওয়া হচ্ছে স্যালাইন ও গ্লুকোজ। সঙ্গে মায়ের বুকের দুধ খাওয়াতে বলা হচ্ছে। সাত মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে রাইস স্যালাইন ও বেবি জিংক। সঙ্গে সুজি, খিচুড়ি, পাকা কলা, ডাবের পানি ও ভাতের মার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।