হাসপাতালেই পোড়ানো হচ্ছে ক্লিনিক্যাল বর্জ্য
ঠাকুরগাঁও সদর হাসপাতালের ইনসিনেটর (একটি বদ্ধ ঘরের মতো, ওপরে চিমনি থাকে, যার ভেতর বর্জ্য ধ্বংস করা হয়) সচল না থাকায় হাসপাতালের চত্বরেই পোড়ানো হচ্ছে ক্লিনিক্যাল বর্জ্য।গত রোববার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মা ও নবজাতক সেবাকেন্দ্রের পেছনে কয়েক ফুট দূরে ইনসিনেটরের পাশের খোলা জায়গায় স্তূপ করে রাখা রক্তের ব্যাগ, ব্যবহার করা সিরিঞ্জ, ওষুধের খালি কৌটা, পলিথিন, রক্ত-পুঁজ, তুলা, গজ-ব্যান্ডেজ ও অস্ত্রোপচারে কাটা পড়া মানবদেহের অংশসহ নানা ক্লিনিক্যাল বর্জ্য পোড়ানো হচ্ছে। বর্জ্য পোড়ানোয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে হাসপাতাল এলাকায়।ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার পাহারভাঙ্গা গ্রামের সাফিয়া বেগম জানান, গত শনিবার এসে শয্যা না পেয়ে বারান্দায় বিছানা করতে বাধ্য হয়েছেন। কিন্তু ধোঁয়া ও পোড়া গন্ধে বারান্দায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে।শ্বাসকষ্টের রোগী এক বছরের মেয়েকে নিয়ে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার বালিয়া গ্রামের রাধিকা রানী বলেন, ‘হাসপাতালের ময়লা-আবর্জনা পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধে মেয়ের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। পরে ডাক্তারের পরামর্শে মেয়েকে অন্য জায়গায় নিয়ে যাই।’হাসপাতালের পাশের সরকারপাড়ার বাসিন্দা আবদুল কাইয়ুম বলেন, মাঝেমধ্যে হাসপাতালের বর্জ্য পোড়ার গন্ধে বাড়িতে টেকা যায় না; দুর্ভোগে পড়ে হাসপাতালের পশ্চিম পাশের সড়কের পথচারীরা। হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ জানান, ক্ষতিকর ও জীবাণুযুক্ত বর্জ্য পোড়ানোর গন্ধ শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মির্জা আজগর আলী বলেন, হাসপাতালে প্রতিদিন যে বর্জ্য জমা হয়, তা শিশু ওয়ার্ডের পেছনের ডাস্টবিনে স্তূপ করে রাখা হয়। সেখান থেকে পৌরসভা ময়লার গাড়িতে করে তা সরিয়ে নেয়।সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, সদর হাসপাতালে বর্জ্য ধ্বংস করে ফেলার আধুনিক ব্যবস্থা প্রথম থেকেই কার্যকর নয়। চার-পাঁচ বছর ধরে ইনসিনেটরটি নষ্ট। যত দিন হাসপাতালের বর্জ্য-ব্যবস্থাপনার জন্য ইনসিনেটর পদ্ধতি চালু করা যাবে না, তত দিন পৌরসভাকে বর্জ্য সরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। হাসপাতালের বর্জ্য নিয়মিত না সরালে তা পচে দুর্গন্ধ ছড়ায়। এ কারণে সেগুলো অনেক সময় পুড়িয়ে ফেলা হয়। তবে তিনি দাবি করেন, হাসপাতালের খোলা স্থানে জীবাণুযুক্ত কোনো বর্জ্য পোড়ানো হয় না।ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন বলেন, পৌরসভা হাসপাতালের বর্জ্য নিয়মিত সরিয়ে ফেলছে। এর পরও হাসপাতাল কর্তৃপক্ষ কী কারণে হাসপাতালের চত্বরের খোলা জায়গায় সেগুলো পোড়াচ্ছে, তা তারাই বলতে পারবে।