হাসপাতালেই পোড়ানো হলো ক্লিনিক্যাল বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন অমান্য করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক গজ দূরে ক্লিনিক্যাল বর্জ্য পোড়ানো হয়েছে। বর্জ্য পোড়ানোর দুর্গন্ধে গোটা হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিনিক্যাল বর্জ্য পোড়ায়। গভীর রাত পর্যন্ত দুর্গন্ধ ও শ্বাসকষ্টে ভোগেন হাসপাতালের দেড় হাজার রোগীসহ প্রায় তিন হাজার মানুষ।প্রত্যক্ষদর্শী রোগী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে কয়েক গজ দূরে খোলা স্থানে হাসপাতালে ব্যবহূত রক্তের ব্যাগ, সিরিঞ্জ, বিভিন্ন ধরনের ওষুধের খালি কৌটা, পুরোনো বিছানাপত্র ও অন্যান্য অব্যহূত জীবাণুযুক্ত ক্লিনিক্যাল বর্জ্য পোড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। একপর্যায়ে এসব বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল এলাকায়।ক্লিনিক্যাল বর্জ্য পোড়ানোর সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করে বিষয়টি যথাযথ হয়নি বলে মন্তব্য করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্জ্য ধ্বংসকারী যন্ত্রটি খারাপ থাকায় এভাবে বর্জ্য পোড়ানো হয়েছে।হাসপাতালের একাধিক রোগী অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পোড়া গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ফাতেমা বেগম বলেন, ‘পোড়া গন্ধে এখানে থাকা যাচ্ছে না।’শল্যচিকিৎসা (সার্জারি) বিভাগের সহকারী অধ্যাপক এস এম নজরুল ইসলাম বলেন, ক্ষতিকারক ও জীবাণুযুক্ত এসব বর্জ্য হাসপাতালের ভেতরে পোড়ানোয় স্বাস্থ্য সমস্যা তীব্র আকার ধারণ করে। বিশেষ করে, শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে অনেক সময় অতিমাত্রায় দুর্গন্ধে দুর্ঘটনাও ঘটতে পারে।হাসপাতালের পরিচালক মো. আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইনসিনারেশন (ক্লিনিক্যাল বর্জ্য পোড়ানো) মেশিন খারাপ থাকায় কিছু সিরিঞ্জ পোড়ানো হয়েছে। এখানে তেমন কোনো জীবাণুযুক্ত ক্লিনিক্যাল বর্জ্য ছিল না।’