হাসপাতালেও ছেলেটির পাহারায় মহিউদ্দিনের লোক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর বিপ্লব সরদারকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মচারী। গত শুক্রবারের ওই ঘটনার পর গোপনে চিকিৎসা করিয়ে এনে গতকাল দুপুর পর্যন্ত তাকে আটকে রাখা হয় বোর্ডের এই গুদামঘরে  l ছবি: প্রথম আলো
কিশোর বিপ্লব সরদারকে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মচারী। গত শুক্রবারের ওই ঘটনার পর গোপনে চিকিৎসা করিয়ে এনে গতকাল দুপুর পর্যন্ত তাকে আটকে রাখা হয় বোর্ডের এই গুদামঘরে l ছবি: প্রথম আলো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মচারীর পিটুনিতে পা ভেঙে যাওয়া কিশোর বিপ্লব সরদারকে রাজধানীর ট্রমা সেন্টার হাসপাতালে পাহারা দিয়ে রেখেছেন মহিউদ্দিনের লোক। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, লিটন নামের একজন বিপ্লবের পাশে বসে আছেন যেন ছেলেটির সঙ্গে কেউ কথা বলতে না পারেন। ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রোকসানা মালেককে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৪ বছরের কিশোর বিপ্লব মাদ্রাসা শিক্ষা বোর্ডে খাতা বাঁধাইয়ের কাজ করে আসছিল। গত শুক্রবার বিনা কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শন শাখার উচ্চমান সহকারী ও কর্মচারীদের সংগঠন সিবিএর সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেন। ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার পায়ে প্লাস্টার করিয়ে চার দিন তাকে গুদামঘরে আটকে রাখা হয়। পরে প্রথম আলোর প্রতিবেদক ও আলোকচিত্রী ওই গুদামঘর থেকে ঘুরে আসার পর বিপ্লবকে গতকাল সোমবার বিকেলে ট্রমা সেন্টারে নেওয়া হয়। মঙ্গলবার প্রথম আলোয় এ নিয়ে ‘পা ভেঙে ছেলেটিকে রাখা হয়েছিল গুদামে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

বিপ্লব এখন ট্রমা সেন্টারের ছয়তলার চার নম্বর বিছানায় চিকিৎসাধীন। আজ দুপুরে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, বিপ্লবের পাশে বসে আছেন লিটন নামে এক ব্যক্তি। এই প্রতিবেদক সাংবাদিক পরিচয় না দিয়েই লিটনের সঙ্গে কথা বলেন। তখন লিটন নিজেকে বিপ্লবের খালাতো ভাই বলে পরিচয় দেন। বিপ্লবকে কিছু জিজ্ঞাসা করলে সব প্রশ্নের উত্তর দিতে থাকেন লিটন। তাঁর দাবি, বিপ্লব হোঁচট খেয়ে পড়ে সামান্য ব্যথা পেয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেল, এই লিটন বোর্ডের কর্মচারী মহিউদ্দিনের আত্মীয়। তিনি পাহারা দিয়ে রেখেছেন, যাতে কেউ বিপ্লবের সঙ্গে কথা বলতে না পারে।

পরে হাসপাতাল থেকে ফিরে এই প্রতিবেদক সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইলে ফোনে লিটনের সঙ্গে কথা বলেন। প্রথম আলোকে লিটন বলেন, ‘আমি বিপ্লবের খালাতো ভাই।’
বাড়ি কোথায়?—জানতে চাইলে লিটন বলেন, ‘বাগেরহাট।’ বিপ্লবের বাড়ি মানিকগঞ্জে। কীভাবে খালাতো ভাই হলেন?—জানতে চাইলে লিটন বলেন, ‘বিপ্লবের মা আমার মায়ের খালাতো বোন।’ আপনি তো মহিউদ্দিনের শ্যালক?—এমন প্রশ্নের জবাবে লিটন ফোন কেটে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহ রাতে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে চান মিয়া নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক থাকার কথা। কিন্তু আমিও জেনেছি লিটন নামের একজন সেখানে আছেন। যেহেতু ঘটনাটি তদন্তনাধীন আছে, আমি মহিউদ্দিনের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না। তাঁকে আমার কক্ষেও আসতে দিইনি। তবে সিবিএর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানকে বলেছি, পাঁচ মিনিটের মধ্যে লিটন নামের ওই ছেলে যেন হাসপাতাল থেকে চলে যায়।’
এভাবে একটি ছেলেকে পেটানোর পরেও মহিউদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?—জানতে চাইলে ছায়েফ উল্লাহ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমাকে ফোন দিয়েছেন। তিনি ঘটনা জানতে চেয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তাঁরা বিপ্লবের সাক্ষ্য নিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন পেয়ে যাব। এরপরই কর্মচারী বিধিমালা অনুযায়ী মহিউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় বাংলাদেশে শিশু শ্রম ও মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট চাইল্ড লাইফ অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি সর্বস্তরের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করে শিশুদের জন্য নিরাপদ ও ভয়বিহীন পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।