ফরিদপুরে দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াতকে মৃত ঘোষণা করার ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে জেলার ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালের নানা অনিয়ম ও কর্তব্যরত ব্যক্তিদের দায়িত্বের অবহেলার বিষয়টি উঠে এসেছে।
ওই হাসপাতালেই প্রসবের পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয় এবং ছয় ঘণ্টা পর দাফনের সময় কেঁদে ওঠে শিশুটি। এই ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়। এর মধ্যে জেলা প্রশাসন কর্তৃক গঠিত কমিটি গতকাল রোববার ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন কর্তৃক গঠিত কমিটিও গতকাল সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান। তিনি বলেন, ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম উদাসীনতা এবং কর্তব্যরত চিকিৎসকদের অবহেলা দায়ী। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে আসন না থাকা সত্ত্বেও রোগী ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে ভর্তি বাতিল করা হয়। গাইনি বিভাগের ব্যবস্থা যথোপযুক্ত নয়। সেখানে দিনে চিকিৎসক থাকলেও রাতের জন্য চিকিৎসক নেই। হাসপাতালে নিবন্ধিত গাইনোকলজি বিভাগ আছে কিন্তু স্থায়ী চিকিৎসক নেই।
অপরদিকে সিভিল সার্জনের গঠিত তিন সদস্যের কমিটির প্রধান ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের কনসালট্যান্ট ঊষা রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, ঘটনার রাতে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, আয়া বা নৈশপ্রহরীরা কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। প্রসবের সময় কর্মরত গাইনি চিকিৎসক রিজিয়া আলম, তাঁর সহকারী ডা. মোসলেমা হোসেন, ডা. আফরোজা পারভীনসহ কর্তব্যরত সবাই দায়িত্ব পালনে অবহেলা করেছেন। হাসপাতালটি ১০০ শয্যার বলা হলেও সেই তুলনায় জনবল অপ্রতুল। জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে নিয়মবহির্ভূতভাবে টাকা নেওয়া হচ্ছে।
তবে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘প্রতিবেদন পেয়েছি,পর্যালোচনার সুযোগ পাইনি।’
২১ সেপ্টেম্বর ফরিদপুর শহরের ওই হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন নাজনীন আক্তার। চিকিৎসক রিজিয়া আলম নবজাতককে দেখে মৃত ঘোষণা করেন। কিন্তু দাফনের সময় কেঁদে ওঠে শিশুটি। হেলিকপ্টারে করে ঢাকায় এনে উন্নত চিকিৎসা দেওয়া হলেও ২৬ সেপ্টেম্বর রাতে স্কয়ার হাসপাতালে শিশুটি মারা যায়।