হাসপাতালের অনিয়ম তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নানা অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় হাসপাতালের এমআরআই মেশিন ক্রয়, সরকারি কোষাগারে হাসপাতালের আয়ের টাকা জমা না দেওয়াসংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। এসব অভিযোগ তদন্তে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে। বাকি দুই সদস্য হলেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ জিয়াউদ্দিন আহমেদ। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী অভিযোগ করেন, এই হাসপাতালের জন্য বছর খানেক আগে একটি এমআরআই মেশিন কেনা হয়। ১০ কোটি টাকা দামে কেনা চীনে তৈরি ওই মেশিনটি অনেক পুরোনো। এসব মেশিন বাংলাদেশে চলে না। তাই মেশিনটি বসিয়ে রাখা হয়েছে। এ ছাড়া কাজে লাগবে না, এ রকম যন্ত্রপাতিও কেনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি সরকারি এই হাসপাতালের আয়ের টাকা কোষাগারে জমা দেওয়া হয় না বলেও সভায় অভিযোগ আনা হয়।

এসব অভিযোগ নিয়ে আলোচনা শেষে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। পাশাপাশি সভায় জেনারেল হাসপাতালের লোকবল–সংকটের বিষয়েও বিশদ আলোচনা হয়।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘কিছু অনিয়মের বিষয় উঠে এসেছে সভায়। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমিও কমিটির সদস্য। আমাদের এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি, বিএমএ সভাপতি মুজিবুল হক খান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।