হাসপাতালের অপ্রীতিকর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ
রাজধানীর বারডেম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো চিকিত্সক ও সাংবাদিক নেতাদের পড়ে শোনান।
এ ছাড়া প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মারধরের ঘটনায় চিকিত্সক শফিউল আজমের চিকিত্সা সনদ বাতিলের জন্য বিএমডিসিকে (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) অনুরোধ করা যেতে পারে বলে তদন্ত কমিটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনটি হাসপাতালের অপ্রীতিকর ঘটনার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করে আলাদা আলাদাভাবে তিনটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংবাদিক ও চিকিত্সক নেতাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত চিকিত্সকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, নষ্ট হওয়া ক্যামেরা, বুম ও মোবাইল ফোনের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান, সাংবাদিকদের চিকিত্সা প্রদান, চিকিত্সকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আত্মীয়স্বজনের সামনে রোগীদের পরীক্ষা না করা, চিকিত্সার ব্যাপারে চিকিত্সকদের আরও যত্নশীল হওয়া—এসব সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটি বারডেম হাসপাতালের ঘটনা খতিয়ে দেখে হাসপাতালটির নিরাপত্তাসংকেত, ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট গঠন, বারডেমে নিয়োগসংক্রান্ত নীতিমালা পরিবর্তন, মেডিকেল অফিসারদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে।